বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেসি কান্ডে বড় বিপাকে রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে বারবার তাঁকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানা। কিন্তু আজ পর্যন্ত একবারও পুলিশের তদন্তে সহযোগিতা করেননি তিনি। এরই মাঝে শনিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রীমশাইকে দ্বিতীয় নোটিস দিয়ে ডেকে পাঠালো পুলিশ। জানা যাচ্ছে, ওই নোটিসে তৃণমূল নেতাকে আগামী 48 ঘণ্টার মধ্যে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। এখন প্রশ্ন, এবারেও কি তিনি পুলিশের হাজিরা এড়াবেন?
বারবার হাজিরা এড়াচ্ছেন অরূপ
তৃণমূল রাজ্যে ক্ষমতা হারাতেই পরিবর্তিত পরিস্থিতিতে যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে বারবার মুখ খুলেছেন বাঙালি ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন তিনি। শুধু তাই নয়, গত 17 মে অরূপ বিশ্বাস এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে একাধিক ধারায় লিখিত অভিযোগ দায়ের করেন শতদ্রু। অরূপের বিরুদ্ধে মোট পাঁচ ধারায় মামলা দায়ের করা হয়েছিল।
জানা যায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে টিকিটের কালোবাজারি থেকে শুরু করে ইভেন্ট নষ্ট করা সহ একগুচ্ছ অভিযোগ এনেছিলেন শতদ্রু। আর সেই অভিযোগের ভিত্তিতেই অরূপ বিশ্বাসকে প্রথমবারের মতো নোটিস দিয়ে ডেকে পাঠায় পুলিশ। তবে থানায় যোগাযোগ করলেও অসুস্থতার কথা বলে প্রথম হাজিরা এড়িয়ে ছিলেন প্রাক্তন মন্ত্রী। এরপর ফের অরূপকে হাজিরার জন্য নোটিস দেয় বিধাননগর দক্ষিণ থানা। ফের সেই হাজিরা এড়িয়ে যান তিনি।
অবশ্যই পড়ুন: WBCS পরীক্ষার দিনে মেট্রো সূচিতে বড় বদল, মিলবে অতিরিক্ত পরিষেবা
শুধু তাই নয়, গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হন তৃণমূলের পুরনো সৈনিক। এই ঘটনার পর এবার তৃতীয় বারের মতো অরূপকে হাজিরার জন্য নোটিস পাঠালো পুলিশ। যেখানেই বলা হয়েছে, আগামী 48 ঘণ্টার মধ্যেই থানায় উপস্থিত হতে হবে রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রীকে। এখন দেখার, শেষ পর্যন্ত পুলিশের কথামতো অরূপ বিশ্বাস থানায় হাজির হন কিনা।










