অনন্যা সরকার, ব্যারাকপুর: বিগত সরকারের আমলে বন্ধ হয়েছে অনেক সরকারি বাস রুট। এনিয়ে নিত্যযাত্রীদের প্রায়ই অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। ২০২৬-এর বিধানসভা ভোটে জিতে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর পরিবহন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং (Arjun Singh)। সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবার নতুন বাসরুট চালু করার কথা জানিয়েছেন। ব্যারাকপুর (Barrackpore) শিল্পাঞ্চল ও তার সংলগ্ন এলাকার পরিবহন ব্যবস্থা আরো উন্নত করতে তিনটি নতুন বাস রুট (New Bus Route) তৈরির পরিকল্পনা করছে সরকার।
কোন কোন নতুন রুটে চলবে বাস ?
ব্যারাকপুরে বিজেপি-এর সাংগঠনিক জেলা কার্যালয়ে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে অর্জুন সিং জানান, যাত্রীদের দীর্ঘদিনের দাবির কথা চিন্তা করে ব্যারাকপুর থেকে ধর্মতলা, কাঁচরাপাড়া থেকে ব্যারাকপুর এবং কল্যাণী এইমস থেকে ব্যারাকপুর পর্যন্ত সরকারি বাস রুট চালু করার পরিকল্পনা করা হচ্ছে।
প্রতিটির রুটেই অন্তত ২৫ টি করে বাস চালানো হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী। এই পরিষেবার জন্য কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্যবহার করার কথাও চিন্তাভাবনা করছে সরকার। এছাড়াও পরিবহনমন্ত্রী জানিয়েছেন যে, কল্যাণী এইমস থেকে মুরাগাছা পর্যন্ত বাস পরিষেবা চালু করার কথাও সরকার ভাবছে।
আরও পড়ুনঃ এবার বন্দে ভারতে করে দিঘা! মেদিনীপুরে রেল প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
অর্জুন সিং বলেন, বর্তমানে রাজ্যে সরকারি বাস প্রয়োজনের তুলনায় অনেক কম চলছে। তাই পরিবহণ ব্যবস্থা উন্নত করতে এই মুহূর্তে বেশি বাস চালানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কল্যাণী রোডে পর্যাপ্ত বাস না পাওয়ায় দীর্ঘদিন ধরে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। সেই কারণেই নতুন রুট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন রুটের পাশাপাশি কাঁচরাপাড়া-বীজপুর থেকে ব্যারাকপুর কোর্ট পর্যন্ত ৮৫ নম্বর রুটের বাস পরিষেবা আবার চালু করা নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন অর্জুন সিং। তিনি জানান, এই বাস রুটটি বন্ধ হয়ে যাবার ফলে অনেক যাত্রী সমস্যায় পড়েছিলেন। ইতিমধ্যেই ওই রুটের বাস মালিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং শীঘ্রই রুটটি চালু করার উদ্যোগও নেওয়া হচ্ছে।










