প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পোহালেই আগামীকাল রাজ্যে দ্বিতীয় দফায় সাত জেলার মোট ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ (West Bengal Election 2026)। অর্থাৎ কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভোট রয়েছে। তাই স্বাভাবিকভাবেই রাজনৈতিক হাওয়া বেশ গরম। এমতাবস্থায় সোমবার গভীর রাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি ভোটারদের তালিকা (Tribunal Supplementary List) প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission Of India)। জানা গিয়েছে ১৪৬৮ জনের নাম জুড়ছে ভোটার তালিকায়। বাদও গিয়েছে ৬ জনের নাম। স্বস্তির নিঃশ্বাস ফেললেন বিচারাধীন ভোটাররা।
১৪৬৮ জনের নাম নতুন করে যুক্ত হল
রিপোর্ট মোতাবেক, সুপ্রিম কোর্টের নির্দেশে গতকাল অর্থাৎ সোমবার ভোর রাতে প্রকাশিত হয়েছে ট্রাইব্যুনালের মাধ্যমে নিস্পত্তি হওয়া দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি লিস্ট। মূলত গতকাল, সোমবার রাত ১২টা পর্যন্ত যত সংখ্যক নিস্পত্তি হয়েছে, তাঁরা আগামীকাল, বুধবার ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ১৪৬৮ জনের নাম নতুন করে সংযুক্ত করা হয়েছে অতিরিক্ত ভোটার তালিকায়। তার মধ্যে থেকে বাদ পড়েছে ৬ জনের নাম। ইতিমধ্যেই বুথে বুথে তালিকা পাঠানো হয়েছে। আর সেখান থেকেই ‘বিচারাধীন’ ভোটাররা নিজেদের নাম দেখতে পাবেন বলে জানানো হয়েছে।
প্রথম দফার আগে কত নাম যুক্ত হয়েছিল?
নিয়ম অনুযায়ী, দ্বিতীয় দফার নির্বাচনের জন্য ভোটার তালিকা আগেই ‘ফ্রিজ’ হয়ে গিয়েছিল। তবে সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল যে, ভোটের দু’দিন আগেও ট্রাইব্যুনালে যে সব নামের নিষ্পত্তি হবে, তাঁদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় তুলতে হবে এবং তাঁরাই ভোট দেওয়ার ‘যোগ্য’ বলে বিবেচিত হবেন। তাই গতকাল, সোমবার পর্যন্ত যে আবেদনগুলির নিষ্পত্তি হয়েছে ট্রাইব্যুনালে, তার ভিত্তিতে এই অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছে। আগেরবার প্রথম দফা নির্বাচনের আগে প্রায় সাড়ে চার হাজার মতো ‘বিচারাধীন’ ভোটারের মধ্যে থেকে মাত্র ১৩৯ জন ‘যোগ্য’ বিবেচিত হয়েছিলেন। তবে এবার সেই সংখ্যা অনেকটাই বাড়ল।
আরও পড়ুন: পহেলগাঁও ধাঁচে ধর্ম জিজ্ঞাসা করে হামলা, মুম্বাইয়ে দুজনকে কোপাল আমেরিকা ফেরত জুবের
প্রসঙ্গত, বঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর বিবেচনাধীন তালিকায় ছিল ৬০ লক্ষাধিক নাম। যা নিয়ে শাসকদল থেকে শুরু করে সাধারণের মধ্যে একাধিক প্রশ্ন উঠেছিল। শেষে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা সেই বিবেচনাধীন তালিকার নামগুলির নিষ্পত্তি করেন। দ্রুত ট্রাইব্যুনালের কাজের দাবি তোলেন শাসক-বিরোধী নির্বিশেষে সবকটি রাজনৈতিক দল। অবশেষে একে একে ভোটারদের নাম নিষ্পত্তি করছে সেই ট্রাইব্যুনাল। এদিকে ভোটের আগের দিন তালিকায় নাম ওঠায় স্বস্তি প্রকাশ করল একাধিক ভোটার।










