নোংরা বাথরুম, জলের সমস্যার দিন শেষ! ১১টি ট্রেনের পরিচ্ছন্নতায় কড়া নজর রেলের

Published:

সহেলি মিত্র, কলকাতা: যাত্রীদের ভালো পরিষেবা দেওয়ার জন্য একের পর এক কাজ করেই চলেছে ভারতীয় রেল (Indian Railways)। কখনো নিত্য নতুন ট্রেন আনছে তো কখনো উন্নত পরিষেবার ওপর দৃষ্টিপাত করছে রেল। এত কিছু পরেও বহু যাত্রীর অভিযোগ থাকে বিশেষ করে যে সকল দূরপাল্লার ট্রেনগুলি চলে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার (Cleanliness Drive) ওপর কোনও নজর দেওয়া হয় না। কখনো জল পড়ে না তো কখনো বাথরুম নোংরা, এই অভিযোগ হামেশাই থাকে। তবে আর চিন্তা নেই, কারণ রেলের তরফে বড়  সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবার থেকে যে সকল ট্রেন ৪০ ঘন্টার ওপর চলাচল করে সেগুলিকে আরও পরিষ্কার করা হবে। নজরে রয়েছে ১১টি ট্রেন।

রেলের নজরে ১১টি ট্রেন

ভারতীয় রেল ৪০ ঘণ্টার বেশি যাত্রার সময় প্রয়োজন এমন ১১টি ট্রেন চিহ্নিত করেছে। এই ট্রেনগুলিতে পরিচ্ছন্নতা এবং যাত্রীদের সুযোগ-সুবিধার উপর বিশেষ নজর রাখা হবে। রেল কর্তৃপক্ষের লক্ষ্য হলো, ট্রেনটি তার উৎস স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পরেও, পুরো যাত্রাপথে যাত্রীরা যেন পরিচ্ছন্ন কোচ এবং চমৎকার পরিষেবা পান তা নিশ্চিত করা। রেল বোর্ড সংশ্লিষ্ট রেলওয়ে জোনগুলিকে এই ট্রেনগুলির যাত্রাপথে পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছে।

এক নজরে ট্রেনের তালিকা

দেশের দূরপাল্লার ট্রেনগুলির মধ্যে এই তালিকায় রয়েছে বিবেক এক্সপ্রেস, অবধ আসাম এক্সপ্রেস, অম্রপালি এক্সপ্রেস এবং ঝিলাম এক্সপ্রেস। দূরপাল্লার ট্রেনগুলো একটানা বেশ কয়েকদিন চলে। তাই, কোচে আবর্জনা জমে থাকা, নোংরা শৌচাগার এবং ছোটখাটো যান্ত্রিক সমস্যা যাত্রাপথে যাত্রীদের অসুবিধার কারণ হতে পারে। রেল কর্তৃপক্ষ এখন শুধু যাত্রার শুরুর স্টেশনে ট্রেন পরিষ্কার করার পরিবর্তে, পুরো যাত্রাপথ জুড়ে ট্রেনের অবস্থা বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে।

আরও পড়ুন: ৫২ টন, ৭২,০০০ কোটি! ধনতেরাস ও দীপাবলিতে রেকর্ড সোনা বিক্রি ভারতে

রেলওয়ে বোর্ড কর্তৃক চিহ্নিত ১১টি ট্রেনের মধ্যে দীর্ঘতম যাত্রাটি হলো বিবেক এক্সপ্রেস, যা প্রায় ৪,১৫৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং এর রেক পরিবর্তনের সময় ১৭০ ঘণ্টা। এছাড়াও তালিকায় রয়েছে ঝিলাম এক্সপ্রেস, পুনে-সহরসা এক্সপ্রেস, অমৃতসর গরীব রথ এক্সপ্রেস, অবধ আসাম এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, দানাপুর-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস, আম্রপালি এক্সপ্রেস, আহমেদাবাদ-সহরসা এক্সপ্রেস, রাজগীর-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস এবং আরকেএমপি-আগরতলা এক্সপ্রেস।

google button