রাজ্যে নতুন জেলা সুন্দরবন! ১৯টি ব্লক নিয়ে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে

Published:

সহেলি মিত্র, কলকাতাঃ সুন্দরবন (Sundarbans) নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাঁটল সরকার। বাংলার মানচিত্রে জেলা হিসেবে আবির্ভাব ঘটবে সুন্দরবনের? এখন এই জল্পনাই তুঙ্গে রয়েছে। অবশ্য এই জল্পনার কারণও রয়েছে। নতুন জেলা গঠনের সিদ্ধান্ত এবং তার প্রাথমিক রূপরেখা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। আপাতত যে পরিকল্পনা সামনে এসেছে, তাতে দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা নিয়ে গড়ে উঠবে নতুন সুন্দরবন জেলা।

এবার জেলা হবে সুন্দরবন?

সবকিছু ঠিকঠাক থাকলে মোট ১৯টি ব্লককে অন্তর্ভুক্ত করে এই নতুন প্রশাসনিক জেলা তৈরি করা হবে। এর ফলে সুন্দরবন এলাকার দীর্ঘদিনের প্রশাসনিক ও পরিকাঠামোগত সমস্যাগুলির সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। এখন প্রশ্ন উঠছে, কোন কোন ব্লক নিয়ে তৈরি হবে নতুন সুন্দরবন জেলা?

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, নতুন সুন্দরবন জেলার অধিকাংশ এলাকা দক্ষিণ ২৪ পরগনা থেকে নেওয়া হবে। পাশাপাশি উত্তর ২৪ পরগনার কয়েকটি গুরুত্বপূর্ণ ব্লকও এই জেলার অন্তর্ভুক্ত হতে পারে। গোসাবা, বাসন্তী, ক্যানিং, নামখানা, পাথরপ্রতিমা, সাগর এবং মথুরাপুরের মতো সুন্দরবন সংলগ্ন এলাকাগুলি নতুন জেলার গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। এছাড়াও উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালির বিস্তীর্ণ এলাকা নতুন জেলার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ৫২ টন, ৭২,০০০ কোটি! ধনতেরাস ও দীপাবলিতে রেকর্ড সোনা বিক্রি ভারতে

নজরে ১৯টি ব্লক

সব মিলিয়ে মোট ১৯টি ব্লক নিয়ে সুন্দরবনকে পৃথক প্রশাসনিক জেলা হিসেবে গড়ে তোলার প্রাথমিক রূপরেখা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সীমানা এবং কোন কোন ব্লক শেষ পর্যন্ত অন্তর্ভুক্ত হবে, সে বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি ও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।নতুন সুন্দরবন জেলা তৈরি হলে তার সদর দফতর কোথায় হবে, তা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে এসেছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে গড়ে উঠবে নতুন জেলার সদর দপ্তর। সেখানে জেলাশাসকের দপ্তর বা ডিএম অফিস, জেলা পরিষদ অফিস-সহ প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য প্রয়োজনীয় সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর একই চত্বরে তৈরি করার পরিকল্পনা রয়েছে।

এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর জানা জানান, নতুন জেলার পরিকাঠামো তৈরির জন্য জেলাশাসকের কাছে নির্দিষ্ট জমি চাওয়া হয়েছে। অর্থাৎ, শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, নতুন জেলা পরিচালনার জন্য প্রয়োজনীয় জমি এবং অফিস তৈরির প্রস্তুতিও শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে এই সম্পূর্ণ পরিকাঠামো তৈরি করতে প্রায় এক বছর সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

সল্টলেকের সুন্দরবন উন্নয়ন দফতরের অফিসের কী হবে?

নতুন সুন্দরবন জেলা তৈরি হলে সল্টলেকে অবস্থিত সুন্দরবন উন্নয়ন দফতরের বর্তমান অফিসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, কাকদ্বীপে নতুন জেলার সদর দফতর তৈরি হওয়ার পর সল্টলেকের অফিসটি শাখা অফিস হিসেবে চিহ্নিত হতে পারে। ফলে সুন্দরবন সংক্রান্ত প্রশাসনিক কাজকর্ম আরও বেশি করে স্থানীয় স্তর থেকে পরিচালনা করা সম্ভব হবে। এতে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের প্রশাসনিক প্রয়োজনে বারবার কলকাতা বা জেলা সদর দফতরে যাওয়ার ঝক্কি কমতে পারে।

google button