অনন্যা সরকার, বীরভূম: বর্তমানে সুপ্রিম কোর্টের (Supreme Court) নজরদারিতে বীরভূমের ‘পাথর সম্রাট’ হিসেবে পরিচিত মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল (Tulu Mondal)। তাঁর সঙ্গে সম্পর্কিত একটি জায়গা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও প্রায় ১৫ কেজি সোনা উদ্ধারের পরই তিনি পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলোর নজরে আসেন। তদন্তে দেখা যায়, তিনি বছরে বিপুল পরিমাণে আয়কর দিতেন। পলাতক টুলু এখন কোথায় আছেন – দুবাই নাকি তুরস্কে, তা নিয়ে এতদিন নানা জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে তাঁর অবস্থানের কথা জানিয়েছে।
কোথায় রয়েছেন টুলু মণ্ডল?
পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর টুলু মণ্ডলের প্রায় ১৪৪ কোটি টাকা মূল্যের সম্পত্তির হদিস পাওয়া যায়। তবে তাঁকে সশরীরে খুঁজে পাওয়া যায়নি। এখনও পুলিশের নাগালের বাইরেই রয়েছেন তিনি। অভিযোগ করা হয়েছে যে, তৃণমূল কংগ্রেসের আমলে ‘পথশ্রী’ প্রকল্প এবং নদী বাঁধ নির্মাণের অধিকাংশ ঠিকাদারির কাজ তাঁকেই দেওয়া হয়। বিভিন্ন কোম্পানির মাধ্যমে তিনি বীরভূম, এমনকি পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বহু রাস্তা ও নদী বাঁধ নির্মাণ এবং মেরামতের কাজ করেছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানিয়েছেন যে, ভারত ও দুবাইয়ের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় টুলু মণ্ডলকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুসারে, তিনি গত ২৩ মে পরিবারসহ দুবাই পালিয়ে গেছেন। এছাড়া, টুলু পশ্চিমবঙ্গের একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে দুবাইয়ের একটি অ্যাকাউন্টে ৫২ কোটি টাকা স্থানান্তর করেছেন বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি, দুবাইয়ে দীর্ঘসময় যাতে বসবাস করতে পারেন তার জন্য তিনি ১০ বছর মেয়াদী গোল্ডেন পারমিট বা গোল্ডেন ভিসা (Golden Visa) পেয়েছেন বলেও জানা গেছে।
আরও পড়ুন: ফের ‘ভিলেন’ নিম্নচাপ, ২ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া
এদিকে টুলু মণ্ডলের আইনজীবী দাবি করছেন, তিনি সপরিবারে ছুটি কাটাতে দুবাই গিয়েছেন এবং সেই উদ্দেশ্যেই এই ১০ বছর মেয়াদী ভিসাটি নেওয়া হয়েছে। এর পাশাপাশি, আইনজীবী তাঁর বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানাটিকেও চ্যালেঞ্জ জানিয়েছেন। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গেছে। বর্তমানে তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে, তিনি দুবাইয়ের কোনো সম্পত্তিতে ইতিমধ্যেই বিনিয়োগ করেছেন কি না।










