সৌভিক মুখার্জী, কলকাতা: দুবাইতে গিয়ে গা ঢাকা দিয়ে বসে আছেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal)। তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। টুলুর ১৪৪ কোটি টাকা সম্পত্তির হদিশ মিলেছিল বলেই খবর। গ্রেফতারির ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন পাথর সম্রাট। তবে এদিন তাঁর আইনজীবী সুপ্রিম কোর্টে গ্রেফতারি থেকে বাঁচতে রক্ষা কবচের আবেদন জানান। অবশেষে সেই আবেদন মঞ্জুর করল সর্বোচ্চ আদালত। পাশাপাশি কলকাতায় ফেরার ডেডলাইনও দেওয়া হয়েছে তাঁকে।
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন টুলু মণ্ডল
বীরভূমের এই তথাকথিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে রাজ্য পুলিশ রাজস্ব তছরুপ, ভুয়ো রশিদ তৈরির মতো একাধিক অভিযোগে মামলা করে। এমনকি সেই চক্রে অবসরপ্রাপ্ত ভূমি আধিকারিক যুক্ত থাকায় তাঁকেও গ্রেফতার করে রাজ্য পুলিশ। তৃণমূলের আমলে বড় বড় সরকারি প্রকল্পের বরাত পেতেন তিনি। টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা এবং সোনার গয়না। সব মিলিয়ে ১৪৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশ।
তবে গ্রেফতারি থেকে রক্ষা পেতে দুবাইতে গিয়ে গা ঢাকা দিয়েছেন পাথর সম্রাট। ছেলেকে নিয়ে ছুটি কাটাতে তিনি আরব আমিরাতে গিয়েছেন বলে খবর। এমনকি তাঁর বিরুদ্ধে জারি করা হয়েছে লুকআউট নোটিশ। তবে এদিন টুলুর আইনজীবী মুকুল রোহতগি বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, টুলু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ১০ বছরের ভিসা নিয়ে দুবাইতে ছুটি কাটাতে গিয়েছেন। এখানে সব সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ায় ব্যাংক লেনদেনের মাধ্যমে দুবাইতে কোম্পানি খুলেছেন। তিনি কোনও বেআইনি কাজ করেননি।
আরও পড়ুন: স্ত্রীয়ের কাটা মুণ্ডু হাতে নিয়ে মন্দিরে বসে স্বামী, ভয়ংকর ঘটনা গঙ্গারামপুরে
আইনজীবী আরও জানিয়েছিলেন, অন্তত দুই সপ্তাহের রক্ষাকবচ পেলেই তিনি দেশে ফিরবেন। আর দেশে ফেরার পর আরও দুই-তিন সপ্তাহ রক্ষাকবচ পেলেই হবে। বুধবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর ডিভিশন বেঞ্চে ওঠে এই মামলা। অবশেষে আইনজীবীর আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আগামী ১৭ নভেম্বরের মধ্যেই কলকাতায় ফিরতে হবে টুলু মণ্ডলকে। পাশাপাশি যেদিন তিনি কলকাতায় নামবেন, সেই দিন থেকে তিন সপ্তাহের জন্য রক্ষাকবচ বহাল থাকবে। তবে ১৭ নভেম্বরের মধ্যে অভিযুক্ত কলকাতায় না পৌঁছলে আদালতের সামনে সমস্ত রাস্তা খোলা থাকবে।










