সৌভিক মুখার্জী, কলকাতা: মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিনের রাতে কালীঘাটের বাড়িতে শুরু হয় ধুন্ধুমার কাণ্ড (Kalighat Case)। অভিষেকের অভিযোগ অনুযায়ী, বিজেপির কর্মীরা আচমকা তাঁদের উপর হামলা করে। এমনকি ইটবৃষ্টি, হাতাহাতি ও বিক্ষোভের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। পাশাপাশি ওই রাতেই অভিষেককে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা করতে দেখা যায়, এবং রাতেই অবস্থান-বিক্ষোভ শুরু করেন সাংসদ ও তাঁর অনুগামীরা। তবে সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল দু’জনকে। পাশাপাশি যুবরাজসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর।
কালীঘাট কাণ্ডে গ্রেফতার ২, অভিষেকের বিরুদ্ধে দায়ের এফআইআর
শুক্রবার রাতের ঘটনা। মধ্যরাত থেকে শুরু করে শনিবার দুপুর পর্যন্ত কালীঘাটে চলে দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষ। রাত দেড়টা নাগাদ অভিষেকের অনুগামীরা জন্মদিন উপলক্ষে কালীঘাটের বাড়ির সামনে জড়ো হন। তবে সেখানেই বেশ কয়েকজন বিজেপির কর্মী-সমর্থক ‘চোর চোর’ স্লোগান দেন (সাংসদের অভিযোগ)। পাল্টা অভিষেকের অনুগামীরাও স্লোগান দেন। এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুই পক্ষই শুরু করে ইট-পাথর ছোড়া। সেই সংঘর্ষ হাতাহাতিতে রূপ নেয়। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি পর্যন্ত চালাতে হয়।
ওই রাতেই অভিষেক বাড়ি থেকে বেরিয়ে এসে পুলিশ অফিসারদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেন তৃণমূল সাংসদ। পাল্টা বিজেপির নেতাদের অভিযোগ, তাদের দলের কর্মী-সমর্থকদের উপর হামলা চালায় তৃণমূলের কর্মীরাই। শেষমেষ সকাল ছটা নাগাদ পুলিশের হস্তক্ষেপে বাড়িতে প্রবেশ করেন তৃণমূল সাংসদ। যদিও রাতভর সেখানে তিনি অবস্থান-বিক্ষোভ চালান। সেই ঘটনার তদন্তে নামে পুলিশ। প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তদন্তের ভিত্তিতেই গ্রেফতার করা হল দু’জনকে।
আরও পড়ুন: ভোটার তালিকায় নাম আছে অথচ বন্ধ আবাসের টাকা? কী করণীয় জানালেন জগন্নাথ সরকার
জানা গিয়েছে, ধৃত ওই দু’জনেই একবালপুরের বাসিন্দা। পাশাপাশি ঘটনায় পদক্ষেপ নিতে মোট চারটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্বতঃপ্রণোদিত মামলার মধ্যে একটি সরাসরি তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। এছাড়া বাকিগুলির মধ্যে অভিষেকের লিখিত অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে এবং অন্যটি বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিষেক এবং তৃণমূল কর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে।










