শুরু হল রাজ্যের ১ কোটি ৬৯ লক্ষ কাস্ট সার্টিফিকেট যাচাই, কড়া নির্দেশিকা নবান্নের

Published:

Caste Certificate

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের পূর্বতন সরকারের আমলে কাস্ট সার্টিফিকেট (Caste Certificate) নিয়ে জলঘোলা কম হয়নি। কিন্তু সরকারের পালাবদল হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে, ২০১১ সালের পর থেকে ইস্যু হওয়া প্রত্যেকটি জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করা হবে। সেই আদেশ রক্ষার্থেই এবার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করে ফেলল অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। যার আওতায় প্রত্যেকটি সার্টিফিকেট যাচাই করে যেগুলি ভুয়ো বা বেআইনি, সেগুলিকে বাতিল করা হবে।

শুরু হচ্ছে কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের কাজ

অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর সূত্রে খবর, ২০১১ সালের পর থেকে এখনও পর্যন্ত মোট ১ কোটি ৬৯ লক্ষ জাতিগত শংসাপত্র ইস্যু হয়েছে। যার মধ্যে এসসি, এসটি এবং ওবিসি সার্টিফিকেট রয়েছে। তবে ক্ষমতায় আসার পরই ওবিসি থেকে সিংহভাগ সম্প্রদায়কে বাদ দেওয়া হয় রাজ্য সরকারের তরফে, এবং সেই সার্টিফিকেটগুলোকেও বাতিল বলে ঘোষণা করা হয়। এবার রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের তরফ থেকে নির্দেশিকা জারি করে স্পষ্ট জানানো হয়েছে, মাঠ পর্যায়ে তদন্ত চালিয়ে নথি পরীক্ষা আর প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে। এমনকি সংশ্লিষ্ট পোর্টালে এই সংক্রান্ত মডেল চালু করা হয়েছে।

নবান্ন থেকে রাজ্যের প্রত্যেকটি জেলা শাসক, মহকুমা শাসক এবং সংশ্লিষ্ট আধিকারিকদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্পষ্ট বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে সমস্ত ডকুমেন্ট যাচাই করে প্রত্যেকটি রিপোর্ট পোর্টালে আপলোড করতে হবে। যদি কোনও শংসাপত্র ভুয়ো বলে প্রমাণিত হয় তাহলে সেটিকে অবিলম্বে বাতিল করা হবে বলেও রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ছিনতাইবাজের থেকে বাঁচতে গিয়ে গাড়িতে পিষে মৃত্যু মহিলা ব্যাঙ্ক কর্মীর, মালদায় গ্রেফতার ৩

এদিকে প্রত্যেকটি ব্লক এবং মহকুমা স্তরে আধিকারিকদের আলাদা করে লগইন করার নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে মাঠ পর্যায়ে নেমে অফিসাররা তা যাচাই করে সরাসরি রিপোর্ট পোর্টালে আপলোড করতে পারবে। আর ভুয়ো শংসাপত্র যাদের রয়েছে, তাদেরগুলি অবিলম্বে বাতিল হবে। ইতিমধ্যেই মালদা, ডায়মন্ড হারবার, রানাঘাট সহ বেশ কিছু জায়গায় শংসাপত্র বাতিলের কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি। অর্থাৎ, কারচুপি দেখলেই সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেই সূত্রে দুর্নীতি থেকে বাঁচতেই এবার এই পোর্টাল চালু করে সমস্ত তথ্য আপলোড করার নির্দেশ জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে।