১০ অক্টোবরের মধ্যেই হবে রাস্তা সংস্কার, বিশেষ হেল্পলাইন নম্বর চালু অগ্নিমিত্রা পালের

Published:

Agnimitra Paul

আনিষা চৌধুরী, কলকাতা: পুজোর আগে পশ্চিমবঙ্গের (West Bengal) বিভিন্ন প্রান্তে রাস্তা সংস্কার ও উন্নয়নের কাজ জোরকদমে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সাধারণ মানুষের যাতায়াত যাতে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়, সেই লক্ষ্যেই ভাঙাচোরা রাস্তা চিহ্নিত করে দ্রুত মেরামতির উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নির্দেশ অনুযায়ী, আগামী ১০ অক্টোবরের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এবার সেই লক্ষ্যে বড় পদক্ষেপ নিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

রাস্তা মেরামতির কাজে অগ্নিমিত্রা পালের বার্তা

রাস্তা মেরামতির কাজ খতিয়ে দেখতে গিয়ে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ১০ তারিখের মধ্যে সমস্ত রাস্তা ঠিক করতে হবে। সেই অনুযায়ী কাজ চলছে। সাধারণ মানুষ যাতে আরও নিরাপদে যাতায়াত করতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে।” অগ্নিমিত্রা জানান, UDMA-এর অধীনে সংস্কার ও উন্নয়নের জন্য যে রাস্তাগুলি চিহ্নিত করা হয়েছে, সেই তালিকা অনুযায়ী কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তালিকায় থাকা একাধিক বেহাল রাস্তার সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। দ্রুত কাজ শেষ করে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা কমানোর হবে।

তিনি আরও জানান, কোথাও রাস্তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দ্রুত তা শেষ করার চেষ্টা করা হচ্ছে। গুরুসদয় মোড়ের মতো যে জায়গাগুলিতে বর্তমানে কাজ চলছে, সেখানেও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। তবে প্রশাসনের তৈরি তালিকার বাইরেও কোনও রাস্তা যদি মেরামতির প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সেই তথ্য চাওয়া হয়েছে। অগ্নিমিত্রা জানিয়েছেন, কোনও রাস্তা এখনও তাঁদের নজরে না এসে থাকলে সাধারণ মানুষ সেই রাস্তার নাম এবং সমস্যার কথা সরকারকে জানাতে পারেন।

স্থানীয় মানুষের মতামত ও সমস্যার কথা জানতে অগ্নিমিত্রা পালের Facebook Page-এ রাস্তার নাম জানানো যাবে। পাশাপাশি UDMA Grievance Call Centre-এও অভিযোগ বা রাস্তা সংস্কারের প্রয়োজনীয়তার কথা জানানো যাবে।

UDMA Grievance Call Centre: 18003450938

সরকারের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের সহযোগিতায় আরও বেশি সংখ্যক বেহাল রাস্তা চিহ্নিত করা সম্ভব হবে। এরপর প্রয়োজন অনুযায়ী সেই রাস্তাগুলির সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: নেপালে ফের ভয়াবহ তুষারধস, নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধারকাজ

এদিকে, হাওড়াতেও বেহাল রাস্তার সমস্যা মেটাতে বড়সড় উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১০০টি রাস্তা মেরামত ও সংস্কারের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে। ১০ অক্টোবরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েই এগোচ্ছে প্রশাসন। পুজোর আগে রাস্তার পরিস্থিতি উন্নত করে সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ করাই এখন প্রশাসনের অন্যতম লক্ষ্য।

google button