পুজোর আগেই অ্যাকাউন্টে বেতন ও পেনশন, কত শতাংশ হারে DA? জানিয়ে দিল নবান্ন

Published:

State Government Employees Bonus

আনিষা চৌধুরী, কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2026) আগে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য এল গুরুত্বপূর্ণ খবর। নভেম্বর মাসের পরিবর্তে এবার অক্টোবরেই অগ্রিম বেতন ও পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। ২৩ সেপ্টেম্বর অর্থ দপ্তরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, আগামী মাসেই সংশ্লিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।

একই দিনে বেতন ও পেনশন

অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী, ১৫ অক্টোবর রাজ্য সরকারি কর্মীদের অগ্রিম বেতন দেওয়া হবে। ওই দিনই পেনশনভোগী এবং পারিবারিক পেনশন প্রাপকদের পেনশন দেওয়ার কথাও জানানো হয়েছে। শুধু বেতন বা পেনশন নয়, সরকারি কর্মীদের প্রাপ্য মজুরি, স্টাইপেন্ড, সম্মানিক এবং অন্যান্য পারিশ্রমিকও নির্ধারিত তারিখে দেওয়ার নির্দেশ রয়েছে।

যে সমস্ত দপ্তরের কর্মী ও পেনশনভোগীরা বর্ধিত ২০ শতাংশ ডিএ (DA) এবং ডিআর (DR) পাওয়ার যোগ্য, তাঁদের ক্ষেত্রেও এই নির্দেশ প্রযোজ্য। অর্থাৎ সংশ্লিষ্ট কর্মীদের বেতন এবং পেনশনের সঙ্গে প্রাপ্য ডিএ ও ডিআর-ও ওই একই দিনে দেওয়ার ব্যবস্থা করা হবে। দুর্গাপুজোর আগেই যাতে এই টাকা হাতে আসে, সেই লক্ষ্যেই আগাম অর্থ প্রদানের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন: জন্মের বছরেই মাধ্যমিক পাশ! হাসিরানি রথের হলফনামা নিয়ে হাইকোর্টে মামলা কংগ্রেসের

সময়মতো টাকা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় প্রক্রিয়া আগেভাগেই সম্পূর্ণ করতে বলা হয়েছে। অর্থ দপ্তরের নির্দেশিকায় নির্ধারিত সময়ের মধ্যে ট্রেজারিতে বেতন, পেনশন এবং অন্যান্য প্রাপ্যের বিল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে পুজোর আগেই সরকারি কর্মী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে প্রাপ্য টাকা পৌঁছনোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে।