বাংলা থেকে সিকিম, ওড়িশার বাস! রাজ্যে ১০০০ এসি বাস নামানোর প্ল্যান সরকারের

Published:

Government Bus

অনন্যা সরকার, কলকাতা: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই ঘোষণা করেছিল যে, পশ্চিমবঙ্গের মহিলা নাগরিকরা বিনামূল্যে সরকারি বাসে (Government Bus) যাতায়াত করতে পারবেন। সেই মতোই ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের ভ্রমণ বিনামূল্যে করা হয়েছে। কিন্তু গত কয়েকমাসে ওই নিয়ে কিছু অভিযোগও সামনে এসেছে। শোনা যাচ্ছে কিছু ক্ষেত্রে বাসে ওঠার সময় কন্ডাক্টরদের দ্বারা মহিলারা হয়রানির শিকার হচ্ছে। এই অভিযোগগুলির ভিত্তিতে এবার পরিবহন দফতর ব্যবস্থা নিতে চলেছে। এর সাথে সরকারি বাসের ক্ষেত্রে একাধিক নতুন নিয়মও চালু করা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। 

পরিবহন মন্ত্রী কী জানালেন?

বৃহস্পতিবার পরিবহন মন্ত্রী একটি সাংবাদিক সম্মেলন করেছেন। সেই সম্মেলনে তিনি জানান যে, সরকারি বাসে মহিলা যাত্রীদের না তোলা ও স্টপেজে না দাঁড়ানো নিয়ে একাধিক অভিযোগ দফতরে জমা পড়েছে, সেগুলির উপযুক্ত তদন্ত হচ্ছে। সরকার কড়া  নজরদারি চালাবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। বেশ কিছু পদক্ষেপও নেওয়া হচ্ছে। বাসে মহিলা সহ সকল যাত্রীর নিরাপত্তার জন্য সরকার বাস কন্ডাক্টরদের জন্য বডি ক্যামেরা বাধ্যতামূলক করতে চলছে । পরিবহন মন্ত্রী  আশ্বাস দেন যে, এই পদক্ষেপগুলির জন্য অভিযোগ কমবে এবং সমস্যার দ্রুত সমাধান হবে। অর্জুন সিং বলেন, কন্ডাক্টরদের বডি ক্যামগুলো কন্ট্রোল রুমের সাথে সংযুক্ত থাকবে। এর ফলে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করা যাবে। 

এর পাশাপাশি মন্ত্রী এও জানান যে, আধার কার্ড সঙ্গে না রাখার কারণে বাসে মহিলাদের কখনও কখনও সমস্যা পড়তে হচ্ছে। তিনি মহিলাদের উদ্দেশ্যে বলেন, যদি কার্ড সঙ্গে না রাখেন, তাহলে যেন মোবাইল ফোনে আধার কার্ডের ছবি বা ই-আধার থাকে। এভাবেই সমস্যা এড়ানো সম্ভব। অর্জুন সিং অভিযোগ করেছেন যে দূরপাল্লার বাসের টিকিট বুক করার পরেও অনেক মহিলা যাচ্ছেন না। ফলে বাস প্রায় খালিই থেকে যাচ্ছে। এতে সরকারের আর্থিকভাবে ক্ষতি হচ্ছে। যারা যেতে পারছেন না, তাদের শুধু শুধু টিকিট বুক না করার অনুরোধ করেছেন মন্ত্রী। 

আর পড়ুন: রেশনে এবার চাল-গমের সঙ্গে কমদামে মিলবে বহু প্রয়োজনীয় জিনিস, বড় সিদ্ধান্ত সরকারের

একই সাথে, পরিবহন বিভাগ পশ্চিমবঙ্গে সরকারি বাস পরিষেবা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্জুন সিং ঘোষণা করেছেন যে, দুর্গাপূজার সময় রাজ্যে বেশ কয়েকটি নতুন এসি বাস চালু করা হবে। আগামী বছরের মার্চ মাসের মধ্যে প্রায় ১,০০০ নতুন বাস চালু করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। পূজার সময় রাস্তায় পর্যাপ্ত বাস চলবে বলে জানিয়েছেন মন্ত্রী। এছাড়া, রাজ্যের মধ্যে ১,০০০ সরকারি বাসের পাশাপাশি, রাজ্য সরকার দূরপাল্লার সরকারি ও বেসরকারি বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে। বাস পরিষেবার জন্য ইতিমধ্যেই ওড়িশা, বিহার, সিকিম ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলির সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই চুক্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ থেকে উল্লেখিত রাজ্যগুলিতে বাস চলাচল করবে এবং বাসগুলিতে পশ্চিমবঙ্গের নাম থাকবে।

আর পড়ুন: “‘বন্দে মাতরম’ না গাইলে মিলবে না স্কুল অনুদান” মাদ্রাসা নিয়েও বিশেষ বার্তা শুভেন্দুর

এছাড়াও, পরিবহন মন্ত্রী এদিন জানান বাস সংক্রান্ত যেকোনও সমস্যা বা অভিযোগ জানানোর জন্য একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। বাসে ওঠার সময়ে যাত্রীরা কোনো সমস্যার সম্মুখীন হলে, এই নম্বরগুলিতে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (NBSTC) বাসের জন্য টোল ফ্রি নম্বর হল ৯০৪৬২২৯০২৫ এবং সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (SBSTC) জন্য টোল ফ্রি নম্বর ৭৬৯৯৯৯৩৯৩০। এছাড়া, ইবিএসটিসি ও সিটিসি (CTC)-র জন্য নম্বরগুলি হল যথাক্রমে ৮৬৯৭৭৩৩৩৯১ এবং ৮৬৯৭৭৩৩৩৯২।