বিক্রম ব্যানার্জী, কলকাতা: মরক্কোর ম্যাচে নেইমারহীন (Neymar) ব্রাজিলকে দেখেছিল দর্শক। হলুদ ব্রিগেডের কোচ কার্লো আনচেলত্তি অবশ্য আশ্বস্ত করেছিলেন, খুব শীঘ্রই চোট কাটিয়ে ফিট হয়ে উঠবেন নেইমার। তারপরই জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাঁকে।
এও শোনা গিয়েছিল, এই সপ্তাহতেই ব্রাজিলের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারেন তিনি। তবে সময় যত যাচ্ছে ততই ব্রাজিলিয়ান ফুটবলারকে নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। আসন্ন ম্যাচ তো দূর, নেইমার জুনিয়রকে গোটা গ্রুপ পর্বে ব্রাজিল পাবে কিনা এখন সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
গ্রুপ পর্বে ব্রাজিলের হয়ে খেলবেন না নেইমার?
ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, একটানা অনুশীলন করার পরে স্বাভাবিক ছন্দে ফিরতে পারছেন না ব্রাজিলিয়ান স্ট্রাইকার। শোনা যাচ্ছে, সোমবার নেইমারের কাফ মাসেলের চোট পরীক্ষা হয়েছে। বর্তমানে ব্রাজিলের মেডিকেল টিম খেলোয়াড়ের উপর নজর রাখছেন। এ নিয়ে অবশ্য দেশটির ফুটবল ফেডারেশন কিছু জানায়নি। তবে রিপোর্ট অনুযায়ী, নেইমারকে নিয়ে এখনই ঝুঁকি নিতে চাইছে না ব্রাজিলের ম্যানেজমেন্ট। আর তাতেই আশঙ্কা বাড়ছে, আদৌ এ বিশ্বকাপে দেখা যাবে নেইমারকে!
অবশ্যই পড়ুন : মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার প্লেয়ারকে ধাক্কা, নিষিদ্ধ হতে পারেন বৈভব সূর্যবংশী
আগামী শুক্রবার হাইতির বিরুদ্ধে মাঠে নামবে ব্রাজিল দল। তারপর 24 জুন খেলবে স্কটল্যান্ড এর বিরুদ্ধে। মনে করা হচ্ছে, নেইমারের বর্তমান অবস্থা যা তাতে আগামী দুই ম্যাচের কোনওটিতেই পাওয়া যাবে না তাঁকে। এদিকে শোনা যাচ্ছে, গত ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ড্র করার পর খানিকটা স্বস্তিতে রয়েছে ব্রাজিল দল। মূলত সে কারণেই নাকি কোচ কার্লোর আসন্ন দুই ম্যাচের পরিকল্পনায় নেই নেইমার।










