প্রীতি পোদ্দার, কলকাতা: আরও বিপাকে পড়লেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)! এবার বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ এল কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) তরফ থেকে। জানা গিয়েছে, নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে ভেঙে ফেলতে হবে সাধের বাড়ির বেআইনি অংশ। গতকাল, শুক্রবার, কলকাতা পুরসভা নোটিস (KMC Notice To Sandip Ghosh) পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে।
সন্দীপ ঘোষকে নোটিশ KMC-র
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর দুর্নীতির অভিযোগে আরজি করের তৎকালীন সুপার সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। এবার তাঁর বাড়ি নির্মাণ নিয়ে উঠে এল অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে এবার সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি অংশ ও ছাদের একাংশ ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা কর্পোরেশন। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, KMC-র নোটিশে জানানো হয়েছে, আগামী ৪৫ দিনের মধ্যে বাড়ির বেআইনি নির্মাণ অর্থাৎ ছাদের পারগোলো ভেঙে ফেলতে হবে।
নিয়ম না মানলে ব্যবস্থা
সন্দীপ ঘোষের বাড়ি নিয়ে পুরসভা যে নোটিশটি পাঠিয়েছিল তাতে এও স্পষ্ট করে জানানো হয়েছে যে, যদি সন্দীপ ঘোষ এই নিয়ম না মানেন তাহলে কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট ১৯৮০ অনুযায়ী এর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ বাড়ির বেআইনি নির্মাণ কলকাতা পুরসভা ভেঙে ফেলবে কিন্তু সেই ভাঙার খরচ দিতে হবে বাড়ির মালিককেই। এর আগে ২০ মে কলকাতা পুরসভার স্পেশ্যাল অফিসার সোমনাথ বড়াল ওই বাড়ির বেআইনি নির্মাণের অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন। এবার সেই নির্দেশ কার্যকর করতে নোটিস পাঠায় কলকাতা পুরসভা।
আরও পড়ুন: পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে ED-র নিশানায় মদন মিত্র, তল্লাশি একাধিক ঠিকানায়
প্রসঙ্গত, গতকাল, ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বেআইনি নির্মাণের বিস্তারিত তথ্য জমা পড়েছে পুর-প্রশাসকের কাছে। তাঁর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি এবং সংস্থার সম্পত্তির ঠিক কোন কোন অংশ বেআইনি নির্মাণের আওতায় পড়ছে, তা সাতদিনের মধ্যে হলফনামা দিয়ে কলকাতা পুরসভাকে জানানোর নির্দেশ দিয়েছিল আদালত। এবার সেই রিপোর্ট তৈরি করেছে কলকাতা পুরসভা।










