প্রীতি পোদ্দার, কলকাতা: দামি ব্র্যান্ডের প্যাকেটে সস্তায় বিকোচ্ছে হুবহু নকল সিগারেট (Fake Cigarette), সম্প্রতি আদালতের নির্দেশে দোকানে দোকানে অভিযান শুরু হতেই কোচবিহারে (Cooch Behar) একাধিক নকল সিগারেটের প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকা জুড়ে। সুখটানেও যে রীতিমতো জালিয়াতি চলছে সেই চিন্তায় এবার রাতের ঘুম উড়ল অনেকের।
বাজারে বিশেষ অভিযান
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, সোমবার, নকল সিগারেট বিক্রির অভিযোগকে কেন্দ্র করে তল্লাশি অভিযান হয়েছিল কোচবিহারের ভবানীগঞ্জ বাজার ও দিনহাটার চওরাহাট বাজারে। সেখানকার দুটি দোকানে পৌঁছে সিগারেটের প্যাকেট পরীক্ষা করেন হায়দরাবাদ থেকে আসা বিশেষ দল। স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযানে একাধিক নকল সিগারেটের প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, যে সিগারেটের দাম ৫৫ টাকা, নামী ব্র্যান্ডের মতো নাম ও প্যাকেট ব্যবহার করে তা মাত্র ২০ টাকায় বিক্রি করা হচ্ছিল। এই ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দায়ের সমস্ত মামলার শুনানি স্থগিত করল সুপ্রিম কোর্ট
উদ্ধার হয় একাধিক নকল সিগারেট
সূত্রের খবর, বাজারে নকল সিগারেটের প্যাকেট বিক্রি নিয়ে গুরুতর অভিযোগে একটি সিগারেট প্রস্তুতকারী সংস্থা হায়দরাবাদের সিটি সিভিল কোর্টের দ্বারস্থ হয়েছিল, দায়ের করা হয়েছিল মামলা। শুনানির সময় আদালতের নির্দেশ মেনেই আইনজীবী বালু ও খুশি পান্ডের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আর তাতেই উদ্ধার হয় একাধিক নকল সিগারেট। আসলে ক্রেতারা যখন দেখছে দোকানে দামি ব্র্যান্ডের সিগারেট সস্তায় বিক্রি হচ্ছে তখনই পুরোটা না জেনে ওই নকল সিগারেট কিনে ফেলছে, আর তাতেই ঘটছে বিপদ।
চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকায়
অভিযানের মুখে পড়ে ব্যবসায়ী নিতাই দাস বেশ ঘাবড়ে গিয়েছেন। তাঁর দাবি, তিনি হকারদের কাছ থেকে সিগারেট কিনে দোকানে বিক্রি করেন। সেগুলি নকল কি না, তা তাঁর জানা ছিল না বলেও দাবি করেন তিনি। সব মিলিয়ে, নকল সিগারেট বিক্রির অভিযোগে ভবানীগঞ্জ বাজারে এই অভিযান ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। স্থানীয় পুলিশের সহযোগিতায় কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালায় আধিকারিকরা। নকল ব্র্যান্ডের সিগারেটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এদিন। তাই স্বাভাবিকভাবেই থমথমে পরিবেশ তৈরি হয়েছে বাজার চত্বরে।
বাজারে প্রচুর পরিমাণে ভেজাল জিনিসপত্রের কারবার চলছে। এমনকি পুজোর আগেও খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে অভিযান শুরু হয়েছিল জেলায় জেলায়। সেখানেও বড় বড় রেস্তোরাঁ থেকে শুরু করে লোকাল দোকানেও পচা বাসি মাছ, মাংস, নানারকমের খাবার উদ্ধার করা হয়েছিল। এমতাবস্থায় নকল সিগারেটের এই খবর নতুন আতঙ্ক তৈরি করেছে সাধারণের মনে।










