বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে সমস্ত মামলার শুনানি স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এমনকি SIR সংক্রান্ত মামলার শুনানিও স্থগিত রেখেছে দেশের শীর্ষ আদালত। পরবর্তী শুনানি হওয়ার কথা আগামী নভেম্বর মাসের 17 তারিখ। বলাই বাহুল্য, বিতর্ক তৈরি হওয়ার পর গতকালই আদালতে হলফনামা জমা দিয়েছিল নির্বাচন কমিশন। সেখানে জানানো হয়েছিল, সর্বসম্মতিতেই সমস্ত সিদ্ধান্ত হয়েছে।’ কমিশনের হলফনামা জমা দেওয়ার পর জবাব দিতে অন্তত 10 দিনের সময় চেয়ে নিয়েছেন এই মামলার আইনজীবী।
স্থগিত হয়ে গেল সমস্ত মামলার শুনানি!
এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মুখ্য নির্বাচন কমিশনার বাকি দুই কমিশনারের মত না নিয়ে SIR করেছিলেন! শুধু তাই নয়, SIR প্রক্রিয়া সহ একাধিক ক্ষেত্রে জ্ঞানেশ কুমারের পদক্ষেপের বিরোধিতা করে বারবার লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বাকি দুই নির্বাচন কমিশনার। তাতে নাকি কর্ণপাত করেননি জ্ঞানেশ কুমার। এমন খবরের ভিত্তিতেই পরে আদালতে জ্ঞানেশ বাবুর পদত্যাগের দাবিতে মামলা দায়ের করেন আবেদনকারীরা।
তাছাড়াও মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে চলা বিতর্কের মাঝেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন রাহুল গান্ধীরাও। সেই সব মামলার শুনানি হওয়ার কথা ছিল আজ অর্থাৎ মঙ্গলবার। যদিও তার আগেই সোমবার আদালতে হলফনামা জমা দিয়ে কমিশন জানিয়েছিল, সর্বসম্মতিতেই সমস্ত সিদ্ধান্ত হয়েছে। একই সাথে দুই নির্বাচন কমিশনারের মতবিরোধের বিষয়টিও উড়িয়ে দেয় কমিশন।
আরও পড়ুন: মৃগীর ভান করে জেল থেকে পালাল ১৭ জন বন্দি, আটক ১, শুরু তল্লাশি
এদিকে একটি মামলার আইনজীবী নির্বাচন কমিশনের হলফনামার জবাব দেওয়ার জন্য আদালতের কাছে 10 দিন সময় চেয়ে নিয়েছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের স্বচ্ছতা এবং ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার সাথে সাথে জ্ঞানেশ কুমারের এককভাবে সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে মামলা দায়ের করা আবেদনকারীদের কমিশনের হলফনামার জবাব দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে হয়েছিল বিশেষ মামলার শুনানি। এই মামলায় আদালতে পরবর্তী শুনানি রয়েছে আগামী 17 নভেম্বর।











