সহেলি মিত্র, কলকাতা: অক্ষরে অক্ষরে মিলে গেল আবহাওয়া দফতরের পূর্বাভাস। সাধারণ ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘অর্ণব’ (Cyclone Arnab)। পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বুধবার সকালের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ‘অর্ণব’ ল্যান্ডফল করতে পারে বলে খবর। যার ফলে একাধিক রাজ্যে ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘অর্ণব’
IMD সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের বাপাটলা উপকূলে ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড়টি। পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গত ৬ ঘণ্টায় প্রায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে প্রতি ঘণ্টায় ২০ কিমি গতিতে অগ্রসর হয়েছে। বিশাখাপত্তনম থেকে ২২০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে, অন্ধ্রপ্রদেশের কাকিনাডা থেকে ২৪০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে, মছিলিপাতনম থেকে ৩৪০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে, ওড়িশার গোপালপুর থেকে ৩৭০ কিমি দক্ষিণে, আন্দামান দ্বীপপুঞ্জের শ্রীবিজয়াপুরম থেকে ১০৩০ কিমি পশ্চিম-উত্তরপশ্চিমে।
IMD জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যার আগে পর্যন্ত পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। এরপর, এটি প্রায় নিশ্চিতভাবে উত্তরপশ্চিম দিকে গিয়ে আন্ধ্রপ্রদেশ এবং ইয়ানম উপকূল পৌঁছাতে পারে। ল্যান্ডফলের সময়ে হাওয়ার গতিবেগ ১২৫-১৩৫ কিমি থেকে ১৫০ কিমি পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন: মৃগীর ভান করে জেল থেকে পালাল ১৭ জন বন্দি, আটক ১, শুরু তল্লাশি
ওড়িশা, অন্ধ্রপ্রদেশে প্রভাব পড়তে শুরু করেছে
ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যে ওড়িশা অন্ধ্রপ্রদেশ উপকূলে পড়তে শুরু করেছে বলে খবর। তীব্র ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টিপাত চলছে জায়গায় জায়গায়। অন্ধ্রপ্রদেশের কথা বললে, প্রশাসন ৮৯,০০০ মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়েছে। ৩০,০০০ মাছ ধরার নৌকা সুরক্ষিত করা হয়েছে। সাতটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ৫৩টি ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে ওড়িশা ১,৭০০টি ত্রাণ শিবির প্রস্তুত করেছে। একাধিক জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। বিশাখাপত্তনম ও ভুবনেশ্বরে ইতোমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্র উত্তাল হয়ে রয়েছে।
আরও পড়ুন: সীমান্তে BSF-র বিরুদ্ধে বাঘ ছাড়ার অভিযোগ, আতঙ্কিত বাংলাদেশে আহত একাধিক
বিভিন্ন আবহাওয়া বিভাগ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড়, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ সহ নয়টি রাজ্যে সতর্কতা জারি করেছে। পুদুচেরিতেও সতর্কতা জারি করা হয়েছে। এদিকে বাংলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ কলকাতা সহ কিছু জেলায় হালকা বর্ষণের সম্ভাবনা থাকলেও, আগামী ২৮ এবং ২৯শে অক্টোবর দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আগামী ২৯ ও ৩০ অক্টোবর দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা সহ উপ-হিমালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।










