বিক্রম ব্যানার্জী, কলকাতা: অলিম্পিকে ক্রিকেট। দীর্ঘ 128 বছর অপেক্ষার পর অবশেষে 2028 লস অ্যাঞ্জেলস ক্রিকেট অলিম্পিকের ভেন্যু চূড়ান্ত করে ফেলল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (LA 2028 Olympics Cricket)। জানা যাচ্ছে, ক্যালিফোর্নিয়ার পেমোনার ফেয়ারপ্লেক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বিশেষ প্রতিযোগিতা। সেই মর্মে, আধুনিক স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এদিকে গত বুধবার অলিম্পিকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ প্রকল্পের সূচনা হয়ে গিয়েছে। বলাই বাহুল্য, এই স্টেডিয়াম লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড।
নাইট রাইডার্স এর ঘরের মাঠে অলিম্পিক!
Olympics.Com এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত 2028 অলিম্পিকের জন্য ক্রিকেট ভেন্যুর ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘটনাকে একটি দীর্ঘ প্রতীক্ষিত প্রতিশ্রুতি পূরণ হিসেবে অভিহিত করেছেন। সেই সাথে তিনি উল্লেখ করেছেন, এই মাঠ, কলকাতা নাইট রাইডার্স বা KKR এর মালিকানাধীন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স এর হোম গ্রাউন্ড হিসেবেও ব্যবহার করা হবে।
তাঁর কথায়, “আজ আমরা যেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম তাকে কেবল একটি ক্রিকেট মাঠ নয়। এটি ইতিহাসের একটি সেরা মুহূর্ত। আমরা একটি প্রতিশ্রুতির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এই এমন এক প্রতিশ্রুতি যা পূরণ করতে 128 বছর সময় লেগে গেছে।” এদিন সঞ্জোগ গুপ্ত এও বলেন, “আন্তর্জাতিক অলিম্পিক কমিটি লস অ্যাঞ্জেলস গেমস ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় অনুমতি দিতে শতাব্দীরও বেশি সময় নিয়ে ফেলেছে।”
বলে রাখি, নাইট রাইডার্স ম্যানেজমেন্ট নতুন করে যে স্টেডিয়ামটি তৈরি করছে সেই লস অ্যাঞ্জেলসের ফেয়ারপ্লেক্স স্টেডিয়ামেই যেহেতু অলিম্পিকের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। কাজেই ভারতীয় দলও নাইট রাইডার্স এর বলা ভাল LKR এর ঘরের মাঠে খেলবে।
অবশ্যই পড়ুন: IPL-এ এন্ট্রি নিলেন পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটার, খেলবেন এই দলে
প্রসঙ্গত, 2028 সালের 12 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত চলবে লস অ্যাঞ্জেলস ক্রিকেট অলিম্পিক। বলে রাখি, এই টুর্নামেন্টটিতে পুরুষ এবং নারী উভয় বিভাগে মোট ছটি করে দল অংশগ্রহণ করবে। প্রত্যেক দলে থাকবে 15 জন করে খেলোয়াড়। এক্ষেত্রে প্রত্যেক বিভাগে মোট 90 জন অ্যাথলেট কোটা নির্ধারণ করা হয়েছে। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ফেয়ারপ্লেক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মেজর লিগ ক্রিকেট।










