সৌভিক মুখার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি খবর ভাইরাল (Social Media Viral) হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে, মাত্র ২২ হাজার টাকা বিনিয়োগ করলে প্রতিদিন প্রায় ৭০ হাজার টাকা পর্যন্ত নাকি আয় করা যাচ্ছে! এমনকি ওই ভিডিওতে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে (Nirmala Sitharaman) একটি বিনিয়োগের প্রকল্প প্রচার করতে দেখা যাচ্ছে বলে দাবি। কিন্তু এই ভিডিও নিয়েই এবার বড়সড় সতর্কবার্তা দিল কেন্দ্রীয় সরকারী ফ্যাক্ট চেক সংস্থা পিআইবি।
কী বলা হয়েছে সরকারি ফ্যাক্ট চেকে?
পিআইবি ফ্যাক্ট চেকের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভাইরাল হওয়া ওই ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। আর তাতে অর্থমন্ত্রীর আসল বক্তব্যই বিকৃত করে দেখানো হচ্ছে। সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এরকম কোনও বিনিয়োগের প্রকল্প সরকার ঘোষণা করেনি। অর্থমন্ত্রীও এরকম ধরনের কোনও স্কিম প্রচার করেননি। আর ভিডিওটি মানুষের সঙ্গে প্রতারণা করার উদ্দেশ্যেই ছড়ানো হচ্ছে। সেই কারণেই সাধারণ মানুষকে এই ভিডিও বা বিজ্ঞাপন থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বেশ কিছু বিশেষজ্ঞদের মতে, বর্তমানে এআই প্রযুক্তির অপব্যবহার দ্রুত হারে বাড়ছে। আর আধুনিক সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই কোনও ব্যক্তির মুখ বা কণ্ঠস্বর নকল করে নেওয়া যাচ্ছে। আর এই ধরনের ভিডিওকে সাধারণত ডিপফেক ভিডিও বলা হয়ে থাকে। অনেক সময় এগুলো এতটাই বাস্তবের মতো ফুটে ওঠে যে মনে হয় সাধারণ মানুষেরই ভিডিও। কিন্তু আদতে সেটা এআই দিয়ে বানানো।
A doctored video of Union Finance Minister @nsitharaman is circulating online, falsely showing her promoting an investment scheme and asking citizens to invest ₹22,000 on a platform promising returns of ₹70,000 per day.#PIBFactCheck
❌ This video is FAKE and AI-generated.… pic.twitter.com/gpEvj1g6zh
— PIB Fact Check (@PIBFactCheck) March 4, 2026
আরও পড়ুন: TRP না থাকায় স্লট বদল, প্রাইম টাইমে ফিরছে জি বাংলার এই ধারাবাহিক
তাই এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে অবশ্যই কিছু নিয়ম মাথায় রাখুন। প্রথমত, অস্বাভাবিক বেশি লাভের প্রতিশ্রুতি দেওয়া স্কিম থেকে দূরে থাকুন। দ্বিতীয়ত, সরকারি স্কিম সম্পর্কে জানার জন্য শুধুমাত্র সরকারি ওয়েবসাইট বা বিশ্বস্ত সূত্র ব্যবহার করুন। আর অজানা লিংকে ক্লিক করবেন না। যদি সোশ্যাল মিডিয়ায় এরকম কোনও সন্দেহজনক বা বিভ্রান্তিকর খবর দেখেন, তাহলে অবশ্যই পিআইবির ফ্যাক্ট চেকে জমা দিতে পারেন। এমনকি আপনার স্ক্রিনশট, পোষ্টের লিংক বা ভিডিও ৮৭৯৯৭১১২৫৯ হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারেন।












