‘মেকআপ ছাড়া ওনার ফেস ভ্যালুটা একবার দেখান না’ রচনাকে বিঁধে লকেটের প্রশংসা অসিতের

Published:

Asit Mazumdar

প্রীতি পোদ্দার, কলকাতা: তৃণমূলের মধ্যে যখন ভাঙন স্পষ্ট, একের পর এক ভয়ংকর অভিযোগ উঠে আসছে, তখন ফের রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachna Banerjee) নিয়ে কটাক্ষ শুরু করলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার (Asit Mazumdar)। ফেস ভ্যালু নিয়ে বিতর্কিত মন্তব্যও করে বসলেন তিনি। এর আগেও বিধানসভা নির্বাচনের আগে রচনা এবং অসিতের মধ্যে সংঘাত দেখা গিয়েছিল। যদিও সেই সময় কোনওক্রমে পরিস্থিতি সামাল দিয়েছিল তৃণমূল (All India Trinamool Congress) শীর্ষ নেতৃত্ব। তবে এবার দল বদলের প্রসঙ্গ উঠতেই ফের চর্চায় উঠল তাঁদের দ্বন্দ্ব।

মমতার সঙ্গ ছাড়তেই কটাক্ষ রচনাকে

উল্লেখ্য, ২০২৪ সালে তৃণমূলের টিকিটে হুগলি লোকসভা আসনে জিতেছিলেন টলি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পরই ধীরে ধীরে সব সম্পর্কের সমীকরণ বদলে গেল। এবার বিদ্রোহী সাংসদদের শিবিরে নাম লেখালেন রচনাও। যোগ দিলেন ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া বা NCPI এ যোগ দিলেন। আর তারপরেই সরাসরি মমতা এবং তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন রচনা। এবার সেই আক্রমণের জবাবে মুখ খুললেন রচনার পুরনো ‘শত্রু’ অসিত মজুমদার। সরাসরি অন ক্যামেরায় লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে তুলনা টানলেন তিনি।

কী বলছেন অসিত মজুমদার?

সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ করে শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অসিত মজুমদারের দাবি, “উনি তো ফিডিং বোতলে দুধ খান। উনি কী করে জানবেন? কচি বাচ্চা। কিছুই বোঝেন না। সদ্যোজাত শিশু। তাই উনি বুঝতে পারেননি। এখন উনি একটু বড় হয়ে গিয়েছেন দিল্লির জল খেয়ে মোটা হয়েছে। তাই গদির গুরুত্ব বুঝতে পারছেন। এর থেকে লকেট চট্টোপাধ্যায় অনেক ভালো কাজ করেছেন।” এছাড়াও রচনা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অসিত বলেন, “মেকআপ ছাড়া ওনার ফেস ভ্যালুটা একবার দেখান না, ওনার কত ফেস ভ্যালু। না সেজে সকালবেলা নিজের ফেসটা দেখাবেন মানুষকে। তাহলেই কী ফেস ভ্যালু বোঝা যাবে।”

আরও পড়ুন: নতুন কোচের পাশাপাশি মোহনবাগানে আসছেন এক ভয়ঙ্কর ফুটবলার!

অসিত মজুমদারের আরও দাবি, “হুগলিতে তৃণমূলের প্রতীক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ সামনে রেখে রাম-শ্যাম-যদু-মধুকে দাঁড় করালেও লোকসভা নির্বাচনে জিতে যেত৷ আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি তৃণমূলের প্রতীক ছেড়ে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে ফের ভোটে লড়ে দেখান।” এদিকে সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দাবি জানিয়েছেন যে,“তাঁকে ব্যবহার করেছেন মমতা। হুগলিতে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারানোর জন্য মমতার একজন সেলিব্রিটির প্রয়োজন ছিল। আমার জন্যই হুগলি লোকসভা কেন্দ্রে মমতার দল জিতেছিল তাই আমি এই পদ ছাড়ব না।”