বিক্রম ব্যানার্জী, কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গ দিয়ে নিজের ভোট প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে নিজের দলের হয়ে প্রচার চালানোর পাশাপাশি বিজেপিকে এক হাত নিয়েছেন তিনি। বাংলার মূল বিরোধী দলের পাশাপাশি নির্বাচন কমিশনকেও নিশানা করতে ছাড়ছেন না তৃণমূল সুপ্রিমো। বুধবার অন্নপূর্ণা পূজোর দিন ময়নাগুড়িতে ভোট প্রচার করতে গিয়েও বিজেপিকে আক্রমণ করেই লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar) নিয়ে বড় আশ্বাস দিলেন মমতা।
60 বছর বয়স হয়ে গেলেও মিলবে লক্ষীর ভান্ডার?
ময়নাগুড়িতে ভোট প্রচার করতে গিয়ে সকলের উদ্দেশ্যে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “মহিলারা লক্ষ্মীর ভান্ডার চিরকাল পাবেন। 60 বছর বয়স হয়ে গেলেও মিলবে লক্ষীর ভান্ডারের টাকা। আমরা শুধু প্রতিশ্রুতি দিই না, সেটা কাজেও করে দেখাই।” এদিন সরাসরি বিহারের প্রসঙ্গ টেনে বিজেপিকে খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল, “বিহারের নির্বাচনের আগে মহিলাদের হাতে টাকা দেওয়া হয়। ভোট মিটতেই আর দেখা নেই। অন্য রাজ্যে আমাদেরটা টুকলিও করতে পারে না।”
মমতার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়ুষ্মান ভারত প্রকল্প সকলের জন্য নয়। তবে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প রাজ্যের প্রত্যেক নাগরিকের জন্য। এদিন কেন্দ্রকে একেবারে একহাত নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “ওরা শুধু মানুষকে লাইনে দাঁড় করাতে পারে। এ ছাড়া আর কিছুই পারে না। এবারে গ্যাসের জন্য লাইন দিতে হচ্ছে। মানুষ খেতে পাবে না। আবার পুরনো দিনে ফিরে যেতে হবে। হাজার টাকা খরচ করে আধার কার্ড করিয়ে এখন বলছে যোগ্য নয়।”
অবশ্যই পড়ুন: ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাবেন না টিম ইন্ডিয়ার এই ৫ ক্রিকেটার!
এদিন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে নোট বন্দির সময়কার স্মৃতিও সকলকে স্মরণ করিয়ে দিয়েছেন মমতা। তৃণমূল নেত্রীর বক্তব্য, “নোট বন্দি, আধার কার্ড SIR সবকিছুর জন্যই মানুষকে লাইনে দাঁড় করিয়েছে ওরা। এবার বলছে দুটো গ্যাস সিলিন্ডার যদি আপনি বুক করতে চান তবে 35 দিন অপেক্ষা করতে হবে। গ্যাস বেলুনের মতো গ্যাস বেরিয়ে গিয়েছে।” এদিন মমতা একেবারে খোলাখুলি জানান, “আজ SIR করছে। দুদিন পর বলবে NRC হবে। এরপর ডিটেনশন ক্যাম্প করবে। আমি বেঁচে থাকতে ডিটেনশন ক্যাম্প করতে দেব না।”












