সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চিত টাকা নিরাপদে বিনিয়োগ (Investment) করতে চান? তাহলে আপনার জন্য রইল বড় খবর। শেয়ারবাজারের অস্থিরতা আর সোনার দামের ওঠানামা দেখে অনেক বিনিয়োগকারী এখন নিরাপদ আশ্রয় হিসাবে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) খোঁজে। কারণ, এটি মধ্যবিত্তদের কাছে সবথেকে বিশ্বস্ত মাধ্যম। আর এখানে রিটার্নের ১০০ শতাংশ গ্যারান্টি মেলে। এমনকি চড়া হারে সুদ দেওয়া হয়। তাই আপনি যদি এপ্রিল মাসে টাকা জমা করার কথা ভেবে থাকেন, তাহলে কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে তা জেনে নিন।
সরকারি ব্যাঙ্কগুলি কত সুদ দিচ্ছে?
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মধ্যে সুদের হারে হাড্ডাহাড্ডি লড়াই তো এমনিই চলে। তাই ১ বছর থেকে ৫ বছর মেয়াদে সেরা কিছু ব্যাঙ্কের সুদের হার নিচে তুলে ধরা হল—
- যদি এক বছর মেয়াদে এফডি করতে চান, তাহলে সবথেকে বেশি সুদ দিচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক। তারা ৬.৫০% সুদ দেয়। এরপর রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারা সুদ দেয় ৬.৩০%। এছাড়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক এবং পিএনবি ৬.২৫% হারে সুদ দিচ্ছে ।
- যদি তিন বছর মেয়াদে এফডি করতে চান, তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পিএনবি ৬.৩০% হারে সুদ দিচ্ছে। অন্যদিকে ব্যাঙ্ক অফ বরোদা এবং কানাড়া ব্যাঙ্ক ৬.২৫% হারে সুদ দিচ্ছে।
- যদি পাঁচ বছর মেয়াদে এফডি করতে চান, সেক্ষেত্রে ব্যাঙ্ক অফ বরোদা ৬.৩০% সুদ দেবে। অন্যদিকে কানাড়া ব্যাঙ্ক ৬.২৫% এবং এসবিআই ৬.০৫% সুদ দিচ্ছে।
বেসরকারি ব্যাঙ্কগুলির সুদের হার
প্রসঙ্গত, রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কের তুলনায় বেসরকারি ব্যাঙ্কগুলি সাধারণত বেশি সুদ অফার করে থাকে। চলতি মাসে কিছু বেসরকারি ব্যাঙ্ক যে হারে সুদ দিচ্ছে তা নিচে আলোচনা করা হল—
- যদি এক বছর মেয়াদি এফডি করেন, তাহলে শীর্ষস্থানে রয়েছে এসবিএম ব্যাঙ্ক, তারা ৭.১০% সুদ দিচ্ছে। এছাড়া বন্ধন ব্যাঙ্ক এবং আরবিএল ব্যাঙ্ক ৭% হারে সুদ দিচ্ছে।
- তিন বছর মেয়াদি এফডি করলে বন্ধন ব্যাঙ্ক সেরা রিটার্ন দিচ্ছে। হ্যাঁ, এখানে পাবেন ৭.২৫% হারে সুদ। পাশাপাশি আরবিএল ব্যাঙ্ক ৭.২০%, ডিসিবি ব্যাঙ্ক ৭% সুদ দিচ্ছে।
- পাঁচ বছর মেয়াদি এফডি করলে ডিসিবি ব্যাঙ্ক ৭.১৫% সুদ দিচ্ছে। আবার আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ৭% ও ইয়েস ব্যাঙ্ক ৬.৭৫% হারে সুদ দিচ্ছে।
আরও পড়ুন: EPFO-র নতুন নিয়ম, UPI-র মাধ্যমে টাকা তোলার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি
স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে সবথেকে বেশি রিটার্ন
তবে যারা একটু বেশি সুদের হার খোঁজ করছেন, তাদের জন্য রয়েছে স্মল ফাইনান্স ব্যাঙ্কগুলি। কারণ, তারা চড়া হারে সুদ দিয়ে থাকে। প্রথমত, সূর্যোদয় স্মল ফাইনান্স ব্যাঙ্ক ৫ বছর মেয়াদে রেকর্ড ৭.৯০% হারে সুদ দেয়। অন্যদিকে জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তিন বছর মেয়াদি এফডিতে ৭.৫০% হারে সুদ দেয়। তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, এই ফাইনান্স ব্যাঙ্কগুলিতে বিনিয়োগ আর্থিক ঝুঁকিসম্পন্ন। তাই নিজের সিদ্ধান্তেই বিনিয়োগ করবেন।












