কমতে চলেছে ইলেকট্রিক বিল? কয়লা নিয়ে বড় সিদ্ধান্ত কোল ইন্ডিয়ার

Published:

Coal India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের কারণে গোটা বিশ্বে বেড়েছিল তেলের দাম। তবে সেই পর্বেও ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত ছিল। বরং কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে এই দুই জ্বালানির উপর থেকে অবগারি শুল্ক অনেকটাই কমিয়ে আনা হয়। যার ফলে মূল্যবৃদ্ধির বোঝা সাধারণ মানুষের পকেটে পড়েনি। পেট্রোল এবং ডিজেল নিয়ে বড় সিদ্ধান্তের পর এবার কয়লা নিয়েও বড় পদক্ষেপ কেন্দ্রের। আসলে রাষ্ট্রীয় মালিকানাধীন কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India) কয়লার ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির প্রভাব যাতে আমজনতার উপর না পড়ে সেজন্য উৎপাদনের খরচ নিজেরাই বহন করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এবার কি কমতে চলেছে বিদ্যুতের বিল?

কোল ইন্ডিয়ার বড় সিদ্ধান্ত

ভারতে ঘরোয়া বিদ্যুতের সিংহভাগ অর্থাৎ 70 থেকে 75 শতাংশই উৎপন্ন হয় কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। বিজনেস ওয়ার্ল্ড এর প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া বিদ্যুতের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি আটকাতে এবার কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের অতিরিক্ত খরচ নিজেরাই বহন করবে বলেই জানিয়েছে। এর ফলে কয়লা নির্ভর বিদ্যুৎ খাত সহ অন্যান্য খাতগুলিতে বিরূপ প্রভাব পড়বে না।

কোল ইন্ডিয়া তাদের কয়লা খনি গুলিতে কর্মরত ঠিকাদারদের ডিজেলের বর্ধিত মূল্যের জন্য ক্ষতিপূরণও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বলাই বাহুল্য, উন্মুক্ত খনিতে ব্যবহৃত মোট বিস্ফোরকের অন্তত 60 শতাংশ অ্যামোনিয়াম নাইট্রেট। যার দাম পহেলা এপ্রিল পর্যন্ত 44 শতাংশ বেড়ে প্রত্যেক টন 72,750 ঢাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে মার্চ মাসের শেষে বিস্ফোরকের গড় মূল্য প্রায় 26 শতাংশ বেড়ে প্রত্যেক টন 49,800 টাকা হয়েছিল। কোল ইন্ডিয়ার সহযোগী সংস্থাগুলিও বছরে 0.9 মিলিয়ন টন বিস্ফোরক ব্যবহার করে থাকে। এবার সংস্থাটি জানাচ্ছে কোল ইন্ডিয়া তাদের উৎপাদনের ক্ষেত্রে অতিরিক্ত খরচ সাধারণ মানুষের উপর চাপাবে না।

অবশ্যই পড়ুন: “আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে!” কী বোঝাতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

সদ্য শেষ হওয়া 2025-26 আর্থিক বছরে ডিজেলের ব্যবহার ছিল কম করে 4.19 লাখ কিলোলিটার। জ্বালানির দাম এমন এক সময় বাড়ছে যখন মূল্যবৃদ্ধি সামাল দেওয়ার পাশাপাশি সিআইএল এর কিছু সহযোগী সংস্থা সিঙ্গেল উইন্ডো মোড অগ্নস্টিক ই অ্যাকশনে কয়লার সংরক্ষিত মূল্য কমিয়েছে। কর্মকর্তারা বলছেন, কোল ইন্ডিয়া মূলত দেশের প্রত্যেক পরিবারে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পৌঁছে দিতে চায়। মূলত সে কারণেই কয়লা খাতে যে অতিরিক্ত অর্থ খরচ হবে তা নিজেদের পকেট থেকেই চালাবে তারা। এর ফলে বিদ্যুতের খরচ খুব একটা না কমলেও বাড়বে না বলেই মনে করছেন অভিজ্ঞ মহল।