বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে ক্ষমতায় আসার আগে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের আওতায় মাসে মাসে বাংলার মহিলাদের 3 হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। বঙ্গে প্রথমবারের মতো সরকার গড়তেই অন্নপূর্ণা ভাণ্ডারের সরকারি প্রক্রিয়া শুরু হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন পহেলা জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। সেই কথা মতোই জুন মাসের প্রথম তারিখ থেকেই শুরু হয়েছিল সেই টাকা পাঠানোর প্রক্রিয়া। অবশেষে আজ অর্থাৎ 3 তারিখ নিজেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের মাস অর্থ পেলেন রাজ্যের 28 লাখেরও বেশি মহিলা।
কথা মতোই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিচ্ছে রাজ্য সরকার
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নিজেদের নির্বাচনী ইস্তেহারে একগুচ্ছ প্রতিশ্রুতির সাথে সাথে বাংলার মা-বোনেদের প্রতিমাসে অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় 3 হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারীরা। যদিও বিজেপির এমন প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের প্রাক্তন শাসক দলের কেউই। কটাক্ষ করেছিলেন অন্যান্য বিরোধীরাও। অনেকেরই বক্তব্য ছিল, শুধুমাত্র ভোট পাওয়ার জন্যই ভাতার প্রলোভন দেখাচ্ছে বিজেপি। তবে সেটা যে নয়, বরং বিজেপিও যে প্রতিশ্রুতি রাখতে জানে সেটাই প্রমাণ করে দেখালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এর আগে সরকার গঠনের পরই প্রথম ক্যাবিনেট বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যের সমস্ত যোগ্য মহিলা পহেলা জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার 3 হাজার টাকা পাবেন। যদিও পরবর্তীতে ফর্ম প্রকাশ করে সরকারের তরফে বলা হয়, পহেলা জুনের মধ্যে যাঁরা এই ফর্ম পূরণ করবেন তাঁদের জুন মাসের প্রথম কয়েক দিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে ভাতার অর্থ। এছাড়াও আগামী 90 দিনের মধ্যে ফর্ম পূরণ করে জমা দিলেই বাকিদেরও দিয়ে দেওয়া হবে এই অর্থ।
অবশ্যই পড়ুন: ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী, কী সুবিধা মিলবে?
বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট করে জানিয়ে দিলেন, রাজ্য সরকার যে কথা দিয়েছিল সেই মতোই জুন মাসের তৃতীয় তারিখ অর্থাৎ বুধবারে 28 লাখেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে 3,000 টাকা করে। এবার বাকিরা পরপর যেভাবে আবেদন করবেন সেভাবেই ধাপে ধাপে টাকা ছাড়বে রাজ্য সরকার।










