তাপপ্রবাহের মাঝেই আবহাওয়ার মুড বদল! কিছুক্ষণেই তুমুল ঝড়-বৃষ্টি, ভিজবে ৪ জেলা

Published:

South Bengal Weather Update

সহেলি মিত্র, কলকাতাঃ চিড়বিড়ানি গরমে নাজেহাল সকলে। কবে এই গরম কাটবে, একটু ঝেঁপে ঝড় বৃষ্টি হবে? এখন সকলের মুখে এই একটাই প্রসঙ্গ। আবহাওয়া অফিসের তরফে জানানো (South Bengal Weather Update) হয়েছে, আপাতত গরম থাকলেও রবিবার থেকে বিশেষ করে দক্ষিণবঙ্গের আবহাওয়া আমূল বদলে যাবে। কালবৈশাখীর সঙ্গে উথাল পাথাল বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। অন্যদিকে আজ শুক্রবার দুপুরের পর বা বিকেলের দিকে বাংলার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে জায়গায় জায়গায় বাংলার আকাশ কালো হতে শুরু করেছে। তবে কি বৃষ্টি হচ্ছে? চলুন জেনে নেওয়া যাক।

বিকেলেই তেড়ে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

আপনিও কি বাড়ির বাইরে আছেন? সঙ্গে ছাতা নেই? তাহলে জানিয়ে রাখি, আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। হাওয়া অফিস জানিয়েছে আজ বিকেলে পরেই আসল খেলা শুরু হবে আবহাওয়ার। বজ্রবিদ্যুৎ সহ তেড়ে বৃষ্টিপাত এবং ঝড়ের দাপট কাকে বলে তা নতুন করে সাক্ষী থাকবেন বাংলার মানুষ। এমনিতে তীব্র তাপদাহের মধ্যে পুড়ছে সমগ্র বাংলা। বিশেষ করে পশ্চিমে জেলাগুলির তাপমাত্রা ৪২ থেকে ৪৩ ডিগ্রি রেকর্ড করা হচ্ছে। সেখানে আজ বিকেলের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি। আজ বিকেলের দিকে ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সকাল থেকেই পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং বীরভূমের মতো জেলাগুলোতে তাপমাত্রা ৪০ কিংবা তার বেশি রয়েছে। আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, স্বাভাবিকের তুলনায় প্রায় ৪-৫ ডিগ্রি বেশি বিরাজ করছে বাংলায়। আজ শুক্রবার আবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে লু-এর সতর্কতা জারি করা হয়েছে।

বৃষ্টির প্রকোপ বাড়বে রবিবার থেকে

হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির আসল দাপট শুরু হবে মূলত আগামী ২৬ ও ২৭ এপ্রিল অর্থাৎ রবিবার ও সোমবার নাগাদ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট বাড়বে। কলকাতা সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া ও বাঁকুড়ায় শক্তিশালী কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের সময় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত হতে পারে, অন্যদিকে কলকাতায় হাওয়ার গতিবেগ হতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে।

আরও পড়ুনঃ রাজ্য ৪% DA না দেওয়ায় কমিশনের দ্বারস্থ সরকারি কর্মীরা, কাটবে জট?

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।