সহেলি মিত্র, কলকাতাঃ হাতে মাত্র আর কিছুক্ষণ, ব্যস তারপরেই ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি (Weather Update)। শনিবাসরীয় দুপুর বা বিকেলের দিকে তেড়ে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। ইতিমধ্যে আবহাওয়া বদলে গিয়েছে। রোদ সরে আকাশে জমেছে কালো মেঘ। সেইসঙ্গে বইছে ঠান্ডা বাতাস। এক কথায় মনোরম হয়ে উঠেছে আবহাওয়া। মে মাসে যে এরকম বৃষ্টি হবে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি কেউ। যাইহোক, একটি পশ্চিমী ঝঞ্ঝা, বেশ কিছু ঘূর্ণাবর্ত বর্তমানে সক্রিয় হয়ে রয়েছে। যার দলে বাংলা সহ দেশের বেশ কিছু রাজ্যের আবহাওয়া বদলে গিয়েছে। তবে আজ কথা হবে বাংলার আবহাওয়া সম্পর্কে। চলুন তাহলে বিশদে জেনে নেওয়া যাক।
বিকেলে আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যে বেশ কিছু জেলায় বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। আজ দুপুর বা বিকেলের মধ্যে কলকাতা, হাওড়া, নদীয়া এবং উত্তর ২৪ পরগণার কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। ফলে সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। এদিকে এক টানা ঝড় বৃষ্টির জেরে গরম নেই। রাতে চাদর গায়ে আবশ্যিক হয়ে পড়েছে যেন। ভোট গণনার দিন তো আরও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়। জেলায় জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
আরও পড়ুনঃ বাংলায় শীঘ্রই ছুটবে বুলেট ট্রেন? জমি সমস্যার সমাধানে রেলের বড় পদক্ষেপ
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। তবে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে ফের ঝড় বৃষ্টির দাপট বাড়বে শহরে। সোমবার আবার কলকাতায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী বৃষ্টি (৭-১১ সেন্টিমিটার) হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর।










