সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ১ জুন থেকেই রাজ্যের সরকারি বাসে (Government Bus) মহিলাদের ভ্রমণ ফ্রি। সে লোকাল বাস হোক কিংবা দূরপাল্লার বাস, সবেতেই ফ্রিতে ভ্রমণ করতে পারবে মহিলারা। তবে ভ্রমণের ক্ষেত্রে মহিলাদের একটি বিশেষ কার্ড দেখানো বাধ্যতামূলক। যদিও সেই কার্ড প্রথমে ইস্যু করা হবে না। ধাপে ধাপে তা বানানো হবে। কিন্তু তার আগে মহিলারা যে কোনও একটি পরিচয়পত্র দেখিয়ে বাসে ভ্রমণ করতে পারবেন। কিন্তু যাতে এই সুবিধার অপব্যবহার না হয় তা নিয়ে এবার স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
সবাই পাবে না সরকারি বাসে ভ্রমণের সুবিধা
মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট বলেছেন যে, বিশেষ কার্ড না থাকল সেই মহিলা সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবে না। তিনি বলেছেন, তৃণমূল সরকারের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা পুরুষরাও নিচ্ছিলেন। আমাদের সরকার সেটা হতে দেবে না। এমনকি যদি কোনও পুরুষ বোরখা পরে সরকারি বাসে ভ্রমণ করে তাহলে কন্ডাক্টরের পক্ষে তা যাচাই করা সম্ভব হবে না। সেই কারণে এই কার্ড তৈরি করার পথে হাঁটছে রাজ্য সরকার। এমনকি অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও বিশেষ যাচাইয়ের কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তাঁর আরও সংযোজন, সরকারি বাস মানেই যে সমস্ত মহিলারা ফ্রিতে ভ্রমণের সুবিধা পাবে এমনটা নয়। যারা ভারতীয় নন, তারা এই বাসে ভ্রমণের সুবিধা পাবে না। অবৈধ বাংলাদেশিরা তো মোটেই পাবে না। এমনটাই জানিয়েছেন শুভেন্দু। এমনকি যাদের কাছে পিঙ্ক কার্ড থাকবে না তারা ফ্রিতে বাসে চড়তে পারবে না। কারণ, পরিবহন দপ্তরের তরফ থেকে এই পিঙ্ক কার্ড ইস্যু করা হবে, যেটিকেই প্রমাণপত্র হিসেবে গণ্য করা হবে। তবে ১ জুন থেকেই যেহেতু এই কার্ড ইস্যু করা সম্ভব হবে না, সেক্ষেত্রে মহিলার আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনও পরিচয়পত্র দেখিয়ে ভ্রমণের সুবিধা পাবে।
আরও পড়ুন: চালু হল ‘যুবশক্তি’-র অফিসিয়াল পোর্টাল! করা যাচ্ছে আবেদনও?
এমনকি মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন যে, পিঙ্ক কার্ড তৈরির জন্য নির্দিষ্ট নিয়ম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। কিন্তু এসডিও, বিডিও বা পৌরসভাগুলির মাধ্যমে এই কার্ড ইস্যু করা হবে। এমনকি নতুন সরকারের বিরুদ্ধে কোনও রকম অভিযোগ বা পরামর্শ থাকলে সরাসরি সেটি জানানো যাবে। তার জন্য বিশেষ একটি নম্বর তৈরি করতে চলেছে রাজ্য সরকার। আর সেই প্রকল্পের নাম দেওয়া হচ্ছে ‘আপনার সরকারকে বলুন’। অর্থাৎ সাধারণ জনগণ কোনও রকম অসুবিধায় পড়লেই সরকারকে সরাসরি সেই সমস্যার কথা জানানো যাবে।










