প্রীতি পোদ্দার, কলকাতা: ফের ফাঁস হল আরেক তৃণমূল নেতা-মন্ত্রীর কুকীর্তি, জুয়ার আসর থেকে পুলিশের হাতেনাতে রীতিমতো গ্রেপ্তার হলেন দুর্গাপুর (Durgapur) নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর চন্দন সাহা। তবে শুধু প্রাক্তন TMC কাউন্সিলর (Durgapur Ex TMC Councilor) নয়, গ্রেপ্তার হয়েছেন আরও ৩ জন। উদ্ধার হয়েছে প্রায় এক লক্ষ টাকা। আর এই খবর প্রকাশ্যে আসতেই ঘটনাকে কেন্দ্র করে ভিরিঙ্গি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
রাজ্যে পালাবদলের পর থেকেই একাধিক তৃণমূল নেতা, বিধায়ক, মন্ত্রীর কুকীর্তি প্রকাশ্যে আসছে জনসাধারণের কাছে। এবার দুর্গাপুরে দুর্নীতি-কেলেঙ্কারির অভিযোগ উঠল তৃণমূল প্রাক্তন কাউন্সিলর চন্দন সাহার বিরুদ্ধে। জানা গিয়েছে, ভিরিঙ্গি এলাকায় একটি হোটেলে ওই প্রাক্তন তৃণমূল নেতার গোপন জুয়ার ঠেক ছিল। রাত হলেই নাকি বসত জুয়ার আসর। সেই তালিকায় রয়েছেন পূর্বতন মমতা সরকারের বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রীও। আর সেই খবর জানতে পেরে পুলিশের অভিযানে হাতেনাতে এবার ধরা পড়লেন চন্দন সাহা-সহ চারজন। উদ্ধার প্রায় এক লক্ষ টাকা।
কী বলছেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের আমল থেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে একের পর এক হোটেলে জুয়ার ঠেক বসানোর পাশাপাশি আরও একাধিক বেআইনি কাজকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে চন্দন সাহার বিরুদ্ধে। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘরুই নানা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তাঁর দাবি, “চন্দন সাহার একাধিক সঙ্গী রয়েছে। তাঁদের নিয়েই দীর্ঘদিন ধরে এই ধরনের কারবার চালানো হচ্ছিল। রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে কীভাবে দিনের পর দিন এই ধরনের কারবার চালানো হয়েছে তা জানতে চাইছে সাধারণ মানুষ। সব খতিয়ে দেখতে হবে।”
আরও পড়ুন: সাধ্যের মধ্যেই হবে দিঘা ভ্রমণ, হোমস্টে খুললেই মিলবে ৫ লক্ষ টাকা ভর্তুকি, ঘোষণা মুখ্যমন্ত্রীর
জুয়ার ঠেক বসার এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহল তথা দুর্গাপুরের শিল্পাঞ্চলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। বিরোধী দল বিজেপির পক্ষ থেকে যেমন অভিযোগ করা হচ্ছে ঠিক তেমনই আবার সিপিআইএম থেকেও নানা ধরনের মন্তব্য করা হচ্ছে। যদিও এই নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনও কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।










