AI ব্যবহারের ক্ষেত্রে মেনে চলতে হবে নিয়ম, টিভি চ্যানেলগুলির জন্য কড়া নির্দেশিকা কেন্দ্রের

Published:

Tv Channel

সৌভিক মুখার্জী, কলকাতা: টেলিভিশন চ্যানেলগুলিতে (TV Channel) কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে এবার নতুন করে সতর্কতা জারি করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। বুধবার কেন্দ্রের তরফ থেকে দেশের সমস্ত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর জন্য একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। আর সেখানে স্পষ্ট জানানো হয়েছে, সম্প্রচারের ক্ষেত্রে এআই বা এর টুলগুলির ব্যবহার যেন শুধুমাত্র সহায়তামূলক ভূমিকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এর মাধ্যমে যেন সংবাদ বা কনটেন্টের সত্যতা ও সঠিকতা ক্ষতিগ্রস্ত না হয়।

স্যাটেলাইট টিভি চ্যানেলগুলির জন্য নয়া নির্দেশিকা

১৯৯৫ সালের ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক আইন এবং ১৯৯৪ সালের নিয়ম অনুযায়ী নির্ধারিত প্রোগ্রাম কোড এবার থেকে কঠোরভাবে মেনে চলতে হবে বলে ওই নোটিশে উল্লেখ করা হয়েছে। এমনকি চ্যানেলগুলোকে তাদের সম্পাদকীয় এবং কনটেন্ট রিভিউ মেকানিজম আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি দেশের অখন্ডতা এবং সার্বভৌমত্ব বজায় রাখতে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। সমস্ত সম্প্রচার, গ্রাফিক্স এবং ডিজিটাল উপস্থাপনায় শুধুমাত্র সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা প্রকাশিত ভারতের প্রামাণ্য এবং সঠিক মানচিত্র ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে সন্ত্রাসবাদী বিরোধী অভিযান, সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনার লাইভ বা সরাসরি সম্প্রচারের সময় চ্যানেলগুলিকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি লাইভ ডিবেট বা প্যানেল ডিসকাশনের সময় যাতে কোনও রকম উস্কানিমূলক, অপমানজনক বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সেই দিকে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে দেরি না করে ফিড মিউট করা বা লাইভ ডিসকন্টিনিউ করার মতো পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া সুপ্রিম কোর্টের বারবার দেওয়া নির্দেশিকা মেনে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের নাম, ছবি, পরিবার বা এলাকার পরিচয় গোপন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হিন্দুধর্মে ফিরছেন বিজেপি নেত্রী নাজিয়া এলাহি খান, ঘোষণা করতেই পাকিস্তান থেকে আসছে হুমকি

আসলে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্কস বিধি ২০২১ এর আওতায় গঠিত আন্তঃবিভাগীয় কমিটির নজরে আসে যে বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচারিত অনুষ্ঠানগুলি অনেক সময় প্রোগ্রাম কোডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। এমনকি কিছু কিছু সময় অতিরঞ্জিত কন্টেন্ট প্রদর্শিত হয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই এবার এই কঠোর ব্যবস্থা নিয়েছে টেলিকম সম্প্রচার মন্ত্রক। এমনকি আরও জানানো হয়েছে যে এই নির্দেশিকা বা প্রোগ্রাম কোড অমান্য করলে সংশ্লিষ্ট আইনের আওতায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

google button