হিন্দুধর্মে ফিরছেন বিজেপি নেত্রী নাজিয়া এলাহি খান, ঘোষণা করতেই পাকিস্তান থেকে আসছে হুমকি

Published:

Nazia Elahi Khan

সৌভিক মুখার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী তথা বিজেপি নেত্রী নাজিয়া এলাহি খান (Nazia Elahi Khan) সম্প্রতি সনাতন ধর্মে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই ঘোষণা সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বিজেপি নেত্রী জানিয়েছেন যে তিনি তাঁর পূর্বপুরুষদের সত্যকে গ্রহণ করতে চলেছেন আর খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সনাতন ধর্মে প্রত্যাবর্তন করবেন। তবে সনাতন ধর্মে ফেরার ঘোষণা সামনে আসতেই পাকিস্তান থেকে আসা শুরু করেছে হুমকি।

সনাতন ধর্মে ফিরছেন বিজেপি নেত্রী

সম্প্রতি মধ্যপ্রদেশের রামঘাটে গিয়ে পিতৃপক্ষ এবং শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করার পর নাজিয়া এলাহি খান সনাতন ধর্মে ফেরার ঘোষণা করেছেন। তিনি গাজিয়াবাদের লোনি বিধানসভার বিধায়ক নন্দকিশোর গুর্জরকে নিজের পিতা হিসেবেই উল্লেখ করেন। এমনকি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে তিনি তাঁকে এই কঠিন সময়ে সমর্থন করে সাহস যুগিয়েছেন এবং নিজের গোত্র প্রদান করেছেন।

জানিয়ে রাখি, নাজিয়া এলাহি খানের আদি নিবাস বাংলায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেছেন। সুপ্রিম কোর্টের এই আইনজীবী তিন তালাক মামলার অন্যতম আইনি উপদেষ্টা ইশরাত জাহানের আইনি পরামর্শক হিসেবেই পরিচিত। এমনকি পরবর্তীতে ২০১৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং বর্তমানে বিজেপি সংখ্যালঘু মোর্চার সঙ্গে যুক্ত রয়েছেন।

আরও পড়ুন: জেল মুক্তির পরেও শান্তি নেই! ফের সৌরভ, আশুতোষদের তলব করল দিল্লি পুলিশ

তবে বিজেপি নেত্রীর এই ঘোষণার পরপরই পাকিস্তান থেকে তাঁকে এবং তাঁর পরিবারকে লক্ষ্য করে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আইএসআই হ্যান্ডেলার শেহজাদ ভাট্টি এবং তাঁর কমান্ডো হুনাইন রানার পক্ষ থেকে তাঁকে অশ্লীল ভিডিও এবং বার্তা পাঠানো হয়েছে। এমনকি তাঁকে ছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও এই হুমকি দেওয়া হয়েছে বলে তিনি পুলিশ এবং নিরাপত্তা সংস্থাকে জানিয়েছেন।

google button