সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলছে দেশজুড়ে আন্দোলন। কংগ্রেস থেকে শুরু করে সিপিআইএম, তৃণমূল বা অন্যান্য বিরোধী দলগুলি তাঁর পদত্যাগের দাবিতে মরিয়া। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডি ব্লকের বিশাল জনসমাবেশ। সেই প্রতিবাদ মিছিলে সমর্থনের কথা জানিয়েছেন ককরোচ (CJP Protest) প্রধান অভিজিৎ দীপকে। তবে একই মঞ্চে রাহুল গান্ধী এবং অন্যান্য নেতাদের সঙ্গে দেখা যাবে না তাঁদের। কারণ ব্যাখ্যা করলেন সিজেপির নেতা আশুতোষ রঙ্কা।
কেন একই মঞ্চে রাহুলদের সঙ্গে দেখা যাবে না সিজেপির প্রতিনিধিদের?
ককরোচ জনতা পার্টি কোনও রাজনৈতিক দল নয়, এ কথা আগেই জানিয়েছিলেন দলের প্রধান। তাঁদের প্রধান দাবি মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ। তবে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলগুলির সঙ্গে একই মঞ্চে নয়। সম্প্রতি গ্রেফতার হয়েছিলেন সিজেপির নেতা আশুতোষ রঙ্কা এবং সৌরভ দাস। শর্তসাপেক্ষে বন্ডের মাধ্যমে তাঁদের মুক্তি দেয় দিল্লি হাইকোর্ট। এরই মধ্যে আবার সিজেপি এবং অভিজিৎ দীপকে ১ নভেম্বরের সমাবেশকে সমর্থন জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছেন।
তবে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে আশুতোষ রঙ্কাকে একই প্রশ্ন করা হয়। তিনি বলেন যে এজেন্ডা একই থাকলেও তাঁদের একই মঞ্চে থাকার আশা করা উচিত নয়। তিনি স্পষ্ট করে দেন যে সিজেপির নেতারা সমাবেশে যোগ দেবেন না। তাঁর কথায়, “এই যে ধারণা তৈরি করা হচ্ছে যে সবাই একই মঞ্চে একত্রিত হলে কেবলমাত্র সমর্থন বিবেচনা করা হবে। আমি মনে করি, তা সিজেপির জন্য উপযুক্ত নয়। কারণ আমি স্পষ্ট করে দিয়েছি, যারা আমাদের এজেন্ডার সঙ্গে একমত, আমরা তাদের উপস্থিতিকে স্বাগত জানাই। আপনি আমাদের মঞ্চে আসুন। সোশ্যাল মিডিয়ায় কথা বলুন। আলাদাভাবে প্রতিবাদ করুন। যদি আপনাদের এজেন্ডা এবং উদ্দেশ্য একই হয়, আমরা একসঙ্গে আছি।”
আরও পড়ুন: ৭ দিনেই হবে ফাইল নিষ্পত্তি, সরকারি প্রকল্প নিয়ে নয়া নির্দেশিকা নবান্নের
এমনকি তিনি আরও বলেন, “এর মানে এই নয় যে সবাই এক মঞ্চে থাকলেই কেবলমাত্র আমরা একমত হব। দ্বিতীয়ত, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। আজ আমরা একটি স্বাধীন রাজনৈতিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তাই আমাদের কোথাও একটা সীমারেখা টানতে হবে। আমরা কোনও জোট কিংবা ব্লকের অংশ নই। আমরা একটা নির্দিষ্ট কর্মসূচি নিয়ে কাজ করা তরুণদের স্বাধীন রাজনৈতিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবেই আন্দোলন চালিয়ে যাচ্ছি। যারা আমাদের এই কর্মসূচিগুলিকে সমর্থন করে, আমরা তাদের সমর্থন করি। কিন্তু এই নয় যে আমরা কোনও রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে।”










