আম্বানি অধ্যায়ের পতন, এশিয়ার ধনীতম ব্যক্তি হয়ে উঠলেন এই ভারতীয় শিল্পপতি

Published:

Mukesh Ambani

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) আর এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি বলা চলবে না। কারণ এশিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় এসেছে বিরাট বদল। আম্বানিকে পেছনে ফেলে 2026 এ এশিয়া মহাদেশের সবচেয়ে ধনীতম ব্যক্তি হয়ে উঠেছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। এমনটাই বলছে ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মুকেশ আম্বানির আসন দখল করেছেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা। অন্যদিকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম 20 জনের মধ্যে রয়েছেন তিনি।

আদানির মোট সম্পদের পরিমাণ কত?

ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 9260 কোটি ডলারে। আর এই বিপুল পরিমাণ অর্থের জোরে ভারত তথা এশিয়ার এক নম্বর ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি বিশ্বের 19 তম ধনী ব্যক্তি হয়ে উঠেছেন আদানি। যেখানে মুকেশ আম্বানি তাঁর শীর্ষস্থান হারিয়ে এখন এশিয়ার মধ্যে দ্বিতীয় নম্বর রয়েছেন।

বলাই বাহুল্য, একটা দীর্ঘ সময় ধরে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির আসন দখল করে রেখেছিলেন মুকেশ আম্বানি। সেই জায়গা আদানি দখল করে নেওয়ায় এখন এশিয়ার দ্বিতীয় এবং গোটা বিশ্বের মধ্যে 20 তম ধনী ব্যক্তির তকমা মিলেছে মুকেশ আম্বানির। তাঁর বর্তমান সম্পদের পরিমাণ 9080 কোটি ডলার। অর্থাৎ আদনির থেকে মুকেশ আম্বানির সম্পদের ব্যবধান খুব একটা বেশি নয়। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে আগামী দিনে দেশ তথা এশিয়া মহাদেশের শীর্ষ ধনী হওয়ার দৌঁড়ে গৌতম আদানির সাথে লড়াই অব্যাহত থাকবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধারের।

গৌতম আদানির সাফল্যের কারণ

নতুন বছর অর্থাৎ 2026 এর শুরুর দিকেই গৌতম আদানি তাঁর ব্যবসা থেকে বিপুল মুনাফা অর্জন করেছেন। এছাড়াও এবছর আদানি গোষ্ঠীর শেয়ারের দুর্দান্ত পারফরমেন্সের কারণেই গৌতম আদানি এমন সাফল্য। চলতি বছর তাঁর সম্পদের পরিমাণ বেড়েছে 810 কোটি ডলার। অন্যদিকে মুকেশ আম্বানির সম্পদ কমেছে 1690 কোটি ডলার। আর এর নেপথ্যে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্রমাগত উত্থান পতন। যার জেরে ধাক্কা খেয়েছে মুকেশ আম্বানির সম্পদ।

অবশ্যই পড়ুন: CBSE দশমের পরীক্ষায় ১০০% নম্বর দমদমের অনিশার, দেশে বড় নজির বাঙালি কন্যার

উল্লেখ্য, বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকাতেও এসেছে বড় বদল। প্রথম 20 জনের তালিকায় থাকা ব্যক্তিদের সম্পদ ওঠা নামা করলেও বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। এই মুহূর্তে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় 65,500 কোটি ডলার। বিশ্বের সবচেয়ে ধনীতম ব্যক্তিদের মধ্যে প্রথম তিনের তালিকায় মাস্কের পরেই রয়েছেন ল্যারি পেজ এবং তৃতীয় স্থানে জেফ বেজোস।