বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী হয়েছে পিএনসি ইনফ্রাটেকের স্টক (Multibagger Stock)। সাম্প্রতিক সময়ে ভারতীয় শেয়ার বাজার ব্যাপক অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও এদিন পিএনসি স্টকের দাম এক ধাক্কায় 14 শতাংশ বৃদ্ধি পায়। আর এর সবচেয়ে বড় কারণ সংস্থাটি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে মহাসড়ক প্রকল্পের দুটি টেন্ডার পেয়েছে। সেই খবর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ফাইলিং এর সময় জানিয়েছিল সংস্থাটি। আর তারপরেই এর শেয়ারে কার্যত ঝড় ওঠে।
পিএনসি 3,483 কোটি টাকার অর্ডার পেতেই দাম বাড়ল শেয়ারের
বুধবার পিএনসি ইনফ্রাটেক স্পষ্ট করে জানিয়েছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার দুটি মহাসড়ক প্রকল্পের জন্য দরপত্র দিয়েছিলেন তারা। পরবর্তীতে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের তরফে সবচেয়ে কম দর দেওয়া সংস্থা হিসেবে পিএনসিকে বেছে নেওয়া হয়। এর ফলে উত্তর প্রদেশের একটি মহাসড়ক প্রকল্পের জন্য 1728 কোটি টাকা এবং উত্তরপ্রদেশের জাতীয় সড়ক 937 এর আরেকটি অংশে 1755 কোটি টাকা মিলিয়ে মোট 3,483 কোটি টাকার কাজ রয়েছে এখন এই সংস্থাটির হাতে। সেই খবর প্রকাশ্যে আসতেই এর শেয়ারের দাম একেবারে চড়চড়িয়ে বাড়েছে।
সংস্থাটি জানিয়েছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফে উত্তরপ্রদেশের মহাসড়ক প্রকল্পের যে দুটি কাজ তারা পেয়েছে উভয় অর্ডারের ক্ষেত্রেই 24 মাস করে সময় পাবে সংস্থা। এই সময়ের মধ্যে নির্দিষ্ট কাজ শেষ করতে হবে তাদের। না বললেই নয়, সাম্প্রতিক বছরগুলিতে এই সংস্থা ক্রমশ নিজেদের ব্যবসা বাড়িয়েছে। যার ফলে এর শেয়ারের দামও বেড়েছে হুড়মুড়িয়ে।
অবশ্যই পড়ুন: আপনার আধার নম্বর ব্যবহার করে টাকা তুলতে পারবে অন্য কেউ? জেনে নিন এখনই
বলাই বাহুল্য, পিএনসি ইনফ্রাটেকে স্টকের দাম গত এক মাসে 20 শতাংশ বাড়লেও এক বছরের হিসেবে এই স্টকের দাম 11 শতাংশের কাছাকাছি পড়েছে। গত দুই বছরের হিসাব করলে এই সংস্থার স্টকের দাম 48 শতাংশ হ্রাস পেয়েছে। 5 বছরের হিসেবে এটি বিনিয়োগকারীদের 7 শতাংশ লসে রেখেছিল। তবে আজ অর্থাৎ বুধবার সংস্থাটি তাদের নতুন দুই অর্ডারের কথা জানানোর পরই এই স্টকের দাম একেবারে লাফিয়ে বাড়ছে। একটানা দ্বিতীয় সেশনে এই স্টকটির দাম শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা বলছেন আগামীতে এই স্টক বড় রিটার্ন দিতে পারে।










