অনন্যা সরকার, কলকাতা: নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ (Ramayana) বর্তমানে বলিউড তথা ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম বহু প্রতীক্ষিত সিনেমা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার। চার মিনিট দৈর্ঘ্যের এই ট্রেলারে সিনেমার যে ঝলক দেখা গেছে, সেটাই কলাকুশলী এবং চরিত্রগুলোকে নিয়ে দর্শকমহলে জল্পনা তৈরির জন্য যথেষ্ট। আসন্ন দীপাবলিতে মুক্তি পেতে চলা ‘রামায়ণ পর্ব ১’ চলচ্চিত্রে রাজা দশরথের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অরুণ গোভিলকে (Arun Govil), যিনি ১৯৭৮ সালে রামানন্দ সাগর নির্মিত রামায়ণ টিভি সিরিয়ালে ভগবান রামের চরিত্রে অভিনয়ের জন্য সারাদেশে সুপ্রসিদ্ধ। তবে তাঁর অভিনীত চরিত্রটির জন্য নির্মাতারা প্রথমে আরেক অভিনেতাকে কাস্ট করতে চেয়েছিলেন। তিনি হলে বিখ্যাত মারাঠি চলচ্চিত্রাভিনেতা অঞ্জিক্যা দেও (Ajinkya Deo)। কেন শেষ পর্যন্ত দশরথের চরিত্রে দেখা গেল না তাঁকে, জানিয়েছেন অভিনেতা নিজেই।
রামায়ণে রাজা দশরথ হওয়ার কথা ছিল অঞ্জিক্যা দেও-র
অরুণ গোভিলের আগে অভিনেতা অঞ্জিক্যা দেও-এর ‘রামায়ণ’-এ রাজা দশরথের চরিত্রে অভিনয় করার কথা ছিল। এর জন্য অডিশনও দিয়েছিলেন তিনি। সম্প্রতি ‘রামায়ণ’-এর ট্রেলারে রাজা দশরথের চরিত্রে অরুণ গোভিলের শক্তিশালী অভিনয় দর্শকদের নজর কেড়েছে। তবে, সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা অঞ্জিক্যা দেও জানান যে, অরুণের আগে ‘রামায়ণ’ চলচ্চিত্রে রাজা দশরথের চরিত্রে তাঁরই অভিনয় করার কথা ছিল। এমনকি নির্মাতারা এই চরিত্রের জন্য তাঁর অডিশনও নেন। অঞ্জিক্যা বলেন, কাকতালীয়ভাবে প্রায় তিন বছর আগে তিনি রাজা দশরথের ভূমিকার জন্য অডিশন দিয়েছিলেন। কিন্তু সিনেমার কাজ এগোনোর সাথে সাথে অরুণ গোভিল এই প্রকল্পে যুক্ত হন। অঞ্জিক্যা দেও বলেন, এটি এই চলচ্চিত্রের জন্য একটি ভালো দিক, কারণ অরুনজি (অরুন গোভিল) দশরথের চরিত্রের জন্য একদম উপযুক্ত ছিলেন।
আরও পড়ুন: মুক্তি পেল ‘রামায়ণ’-এর ট্রেলার, নজর কাড়লেন রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ
এই সাক্ষাৎকারেরই অঞ্জিক্যা দেও আরও জানান যে, প্রযোজক নমিত মালহোত্রার ‘রামায়ণ’ ছবিতে রাজা দশরথের ভূমিকায় না হলেও, এই পৌরাণিক চলচ্চিত্রে আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখা যাবে। তিনি বলেন, পরবর্তীতে এই ছবির নির্মাতারা তাঁকে ঋষি বিশ্বামিত্রের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেন এবং এই প্রস্তাবে রাজি হওয়ার জন্য তিনি এক মুহুর্তও সময় নেননি। অভিনেতার কথায়, রামায়ণে ঋষি বিশ্বামিত্রের ভূমিকার গুরুত্ব কতটা, তা তিনি জানেন। তাই অরাজি হওয়ার কোনো কারণই ছিল না।
আরও পড়ুন: একদিনে ৭ সোনা, কমনওয়েলথ গেমসে ইতিহাস তৈরি করলেন ভারতীয় বক্সাররা
জানিয়ে রাখি, অঞ্জিঙ্ক্যা দেও মূলত একজন মারাঠি চলচ্চিত্র অভিনেতা। তবে, তিনি বেশ কিছু হিন্দি ফিল্মেও কাজ করেছেন, যার মধ্যে অন্যতম হল – ১২০ বাহাদুর, ছোটা সা ঘর, সংসার, পাণ্ডব, ইন্দ্রজিৎ, তানহাজি। এই দীপাবলিতে আসতে চলা বহু প্রতীক্ষিত রামায়ণ পর্ব ১-এ এবার অঞ্জিঙ্ক্যা দেওকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাবেন দর্শকরা।










