‘বাংলাদেশে গরুর মাংস এবং ইলিশ প্রিয়’ অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর মন্তব্যে বিতর্ক

Published:

Biswajit Chakraborty

প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে অন ক্যামেরায় বিস্ফোরক মন্তব্য করে বসলেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী (Biswajit Chakraborty)। বাংলাদেশে তাঁর কাটানো মুহূর্তের ব্যাখ্যা করতে গিয়ে প্রশংসা করে বসলেন বাংলাদেশের গরুর মাংস এবং ইলিশের। আর এই খবর (Biswajit Chakraborty viral video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল শোরগোল পড়ে গেল বিনোদন দুনিয়ায়। ফের বিতর্ক শুরু হল গো মাংস নিয়ে।

বাংলাদেশ নিয়ে সোজাসাপ্টা বিশ্বজিৎ

বড়পর্দা হোক কিংবা ছোটপর্দা, অত্যন্ত পরিচিত মুখ হলেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। ছোট বয়স থেকেই তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত। বাংলাদেশেও রয়েছে তাঁর অবাধ যাতায়াত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায় যে “বাংলাদেশে আসলে মন ভালো হয়ে যায়। আসলে ভারত এবং বাংলাদেশ দুটোই তো একই দেশ কিন্তু রাজনীতিবিদরা কিছু কারণে এই ভূ-ভাগকে দুটি দেশে রূপান্তরিত করেছে। কিন্তু আমাদের দুটি দেশের জাতীয় সংগীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। তাই একটা টান থেকে হয়। বাংলাদেশ এয়ারপোর্টে আমি যে সম্মান এবং সমাদর পাই দমদম এয়ারপোর্টে কিন্তু সেটা পাই না। যেটা আমার কাছে খুব স্পেশাল।”

গোমাংস বিতর্কে জড়িয়ে পড়লেন অভিনেতা

সাক্ষাৎকারি অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি টানে, প্রশ্নের উত্তরে বর্ষীয়ান অভিনেতা জানিয়েছেন, “মানুষ, পরিবেশ, আতিথেয়তা এবং খাবার। আর খাবার বলতে গরুর মাংস এবং ইলিশ মাছ। তবে সবচেয়ে প্রিয় গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের তেল দিয়ে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে।” এদিকে তাঁর এই গোমাংস খাওয়ার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একজন হিন্দু পরিবারের সদস্য হয়ে কীভাবে সে গোমাংস আহার করলেন সেই নিয়ে প্রশ্ন শুরু হয়েছে। যদিও সেই নিয়ে কোন প্রতিক্রিয়া এখনো জানাননি অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।

আরও পড়ুন: তারাপীঠ মন্দিরে বড় বদল, VIP কুপনের বদলে শুরু অনলাইনে বুকিং, কীভাবে করবেন?

গোমাংস আহার করা নিয়ে এর আগে বিতর্কের মুখে পড়েছিলেন সিপিআইএম নেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তবে শুধু বিকাশ বাবু নন অতীতে গোমাংস বিতর্কে জড়িয়ে পড়েছিলেন একাধিক তারকা, তাঁদের মধ্যে অন্যতম হলেন সায়ক চক্রবর্তী, স্বরলিপি চট্টোপাধ্যায় এবং দেবলীনা দত্ত প্রমুখ। তবে এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম, তিনি হলেন বিশ্বজিৎ চক্রবর্তী।