অবশেষে মুক্তি পাচ্ছে ‘গোলমাল ৫’, কবে? দিনক্ষণ জানালেন অজয় দেবগন

Published:

সহেলি মিত্র, কলকাতা: সিনেমাপ্রেমীদের জন্য রইল দারুণ সুখবর। অবশেষে রিলিজ হতে চলেছে ‘গোলমাল ৫ (Golmaal 5)।’  অজয় দেবগন (Ajay Devgan), আরশাদ ওয়ারসি প্রমুখ অভিনীত সিনেমাটি কবে রিলিজ হবে তা নিয়ে প্রশ্ন ছিল বহু মানুষের। অবশেষে সব সাসপেন্স শেষ হল। রোহিত শেট্টি (Rohit Shetty) বড় পর্দায় ‘গোলমাল’ দলের মজা আর হুল্লোড় ফিরিয়ে আনতে আবারও প্রস্তুত। এই কমেডি ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পর্ব -এর মুক্তির তারিখ ঘোষণা করেছেন পরিচালক।

কবে মুক্তি পাচ্ছে ‘গোলমাল ৫’?

নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় ‘গোলমাল ৫’-এর একটি নতুন পোস্টার প্রকাশ করেছেন। পোস্টারটিতে অজয় ​​দেবগন, আরশাদ ওয়ারসি, কুনাল খেমু, শারমান জোশি, শ্রেয়াস তালপাড়ে এবং তুষার কাপুরকে দেখা যাচ্ছে। পোস্টারটি বেশ আকর্ষণীয়। ব্যাকগ্রাউন্ডে পাহাড়, সেতু এবং রাস্তা দেখা যাচ্ছে। আর সিনেমাটি যে আবারও মজাদার হবে সেটা এখনই টের পাচ্ছেন দর্শক। এদিকে রোহিত শেট্টি ‘গোলমাল ৫’-এর পোস্টার প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, “হাসি, মজা, আনন্দ এবং পরিবার… আর কিছু নয়। ৮ জানুয়ারি, ২০২৭।” সিনেমার পোস্টারে আরও লেখা আছে, “এই সিনেমাটি ২০২৭ সালের ৮ই জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।”

ফিরছেন শারমান জোশীও

এই ফ্র্যাঞ্চাইজির অনেক পরিচিত মুখ ‘গোলমাল ৫’-এ ফিরছেন। এই সিনেমা অনেক পুরোনো স্মৃতি ফিরিয়ে আনবে। অজয় ​​দেবগন ‘গোপাল’ হিসেবে ফিরবেন, তাঁর সঙ্গে আরশাদ ওয়ারসি ‘মাধব’, তুষার কাপুর ‘লাকি’, কুনাল খেমু ‘লক্ষ্মণ’ এবং শ্রেয়াস তালপাড়েও তাঁর আগের চরিত্রে ফিরবেন। সবথেকে বড় চমক হল, প্রায় দুই দশক পর ‘গোলমাল’-এ ফিরে এসে শারমান জোশীও এই পুনর্মিলনে যোগ দিচ্ছেন। তিনি ২০০৬ সালের মূল ‘গোলমাল: ফান আনলিমিটেড’-এ ‘লক্ষ্মণ’-এর ভূমিকায় অভিনয় করেছিলেন, কিন্তু পরবর্তী সিক্যুয়েলগুলিতে তাঁকে আর দেখা যায়নি। এমনকি অক্ষয় কুমারও এই ছবির অংশ হবেন। সেই ভিডিও আগেই ভাইরাল হয়েছিল।

আরও পড়ুনঃ করম পূজোর ছুটির জন্য পিছিয়ে গেল বি.এড. চতুর্থ সেমিস্টার, নতুন পরীক্ষার দিন কবে?

গোলমাল ফ্র্যাঞ্চাইজি হলো রোহিত শেট্টি পরিচালিত একটি জনপ্রিয় কমেডি চলচ্চিত্র সিরিজ। এই ফ্র্যাঞ্চাইজিটি ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ দিয়ে শুরু হয়েছিল এবং এরপর ২০০৮ সালে ‘গোলমাল রিটার্নস’, ২০১০ সালে ‘গোলমাল ৩’, ২০১৭ সালে ‘গোলমাল এগেইন’ মুক্তি পায় এবং এখন ২০২০ সালে ‘গোলমাল ৫’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথম তিনটি সিনেমা প্রযোজনা করেছিলেন ধিলিন মেহতা, আর চতুর্থটি প্রযোজনা করেন রোহিত শেট্টি ও সঙ্গীতা আহির।