বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে ভারতে আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি (Aadhaar Card Address Update)। ব্যাঙ্কিং পরিষেবা হোক কিংবা অন্য কোনও কাজ, সবেতেই আধারের গুরুত্ব রয়েছে। তবে অনেক সময়, বাড়ি বদল করলেও আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করা হয় না। অনেক সময় আবার বৈধ বাসস্থানের প্রমাণ পত্র না দেখাতে পারলে আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করার কঠিন হয়ে পড়ে! তবে এবার থেকে আর তেমনটা হবে না। বাসস্থানের কোনও রকম প্রমাণ পত্র বা নথি ছাড়াই আধার কার্ডে বদলে ফেলতে পারবেন আপনার ঠিকানা। কীভাবে? জেনে নিন সবটা।
কোনও রকম প্রমাণ ছাড়াই আধার কার্ডের ঠিকানা আপডেট করে নিন
অনেক ক্ষেত্রে আধার কার্ডে সঠিক ঠিকানা আপডেট করা না থাকলে সরকারি প্রকল্প সহ একাধিক ক্ষেত্রে সমস্যা ভোগ করতে হয় আমজনতাকে। তাই আধার কার্ডে নিজের পার্মানেন্ট বা বর্তমান ঠিকানা যোগ করা উচিত। এর জন্য যাতে আলাদা করে বাসস্থানের প্রমাণপত্র সহ অন্যান্য নথি দিতে না হয় সেজন্য সহজ এক পদ্ধতি চালু করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এবার থেকে ব্যবহারকারীরা বাড়িতে বসেই পরিবারের প্রধান অভিভাবকের সম্মতি নিয়ে নিজের আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করে নিতে পারবেন।
বিশেষ করে যেসব মহিলারা বিয়ের পর নিজের শ্বশুর বাড়ির ঠিকানা নিজের আধার কার্ডে যোগ করতে চাইছেন তাঁরা তাঁদের শ্বশুরবাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ অভিভাবকের সম্মতি নিয়ে নিজের ঠিকানা আপডেট করে নিতে পারবেন। এর জন্য UIDAI এর পোর্টাল অথবা মাই আধার অ্যাপে ওটিপির মাধ্যমে লগইন করে নিয়ে হোম স্ক্রিন থেকে সার্ভিসেস অপশনে ক্লিক করুন। এবার অ্যাড্রেস অপশনে ক্লিক করে Head of Family (HOF) Based Address Update অপশনটি বেছে নিন।
এ পর্যন্ত সব ঠিকঠাক করে থাকলে সামনে আসা পেজে পরিবারের সবচেয়ে বড় কিংবা যে সদস্যের ঠিকানা আপনি ব্যবহার করতে চাইছেন তার আধার নম্বর লিখুন। একই সাথে ড্রপ ডাউন মেনু থেকে অভিভাবকের সাথে আপনার সম্পর্ক বেছে নিন। এরপর সম্পর্ক প্রমাণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন ম্যারেজ সার্টিফিকেট অথবা রেশন কার্ড আপলোড করুন। কোনও ডকুমেন্ট না দিতে চাইলে UIDAI এর Self-Declaration Form ডাউনলোড করে সেটি পূরণ করে আপলোড করে দিয়ে ফি জমা দিলেই প্রথম ধাপের কাজ শেষ হয়ে যাবে।
অবশ্যই পড়ুন: গরমে যাত্রীদের বিনামূল্যে জল, ৯০০ স্পেশাল ট্রেনও চালাবে রেল
এরপর যে SRN বা সার্ভিস রিকুয়েস্ট নম্বরটি পেলেন সেটি নোট করে রাখুন। এবার পরিবারের সদস্যের অনুমতি নিতে হবে ঠিকানা আপডেট করার জন্য। এর জন্য আধার অ্যাপ খুলে পরিবারের যে সদস্যের ঠিকানা ব্যবহার করতে চাইছেন তার আধার নম্বর দিয়ে মাই আধার পোর্টালে বা অ্যাপে লগইন করুন। এরপর My Head of Family Requests ট্যাবটিতে ক্লিক করে দিন। যে রিকুয়েস্ট আসবে সে অ্যাকসেপ্ট করুন। সবটা হয়ে গেলে অনুমোদনের পর কিছুদিনের মধ্যেই আধার কার্ডে ঠিকানা আপডেট হয়ে যাবে।










