বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগের অবস্থাতেই রয়েছে ভারত-আমেরিকার সম্পর্ক! উজ্জ্বল উদাহরণ তুলে ধরতে এবার দেশ থেকে চুরি হয়ে যাওয়া 657টি প্রাচীন নিদর্শন (America Returns Old Stolen Artifacts) দিল্লিকে ফিরিয়ে দিচ্ছে ওয়াশিংটন ডিসি। যেগুলির মূল্য 1.4 কোটি ডলার। জানা গিয়েছে, আন্তর্জাতিক পাচার চক্রের হাত ধরে ভারত থেকে এই নিদর্শনগুলি চুরি যাওয়ার পর সেগুলি আমেরিকায় পৌঁছেছিল। আর তারপরই অভিযোগের ভিত্তিতে শুরু হয় জোর তদন্ত। এবার সেই তদন্তের নির্যাস হিসেবে ভারতে ফিরছে সাড়ে 600 এর বেশি পৌরাণিক নিদর্শন।
সমস্ত পৌরাণিক জিনিস ভারতে ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছেন এল ব্রাগ
সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আসভিন এল-ব্রাগ ভারত থেকে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী যত দ্রুত সম্ভব ফেরত পাঠানোর ঘোষণা করেছেন। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে ভারতের কনসুলেট জেনারেলের প্রতিনিধি রাজলক্ষ্মী কদম। অনুষ্ঠান চলাকালীন কর্তৃপক্ষ একেবারে স্পষ্ট করে জানায়, আন্তর্জাতিক পাচার চক্রের মাধ্যমে ভারত থেকে যেসব প্রাচীন এবং পৌরাণিক নিদর্শন গুলি এদেশে পাঠানো হয়েছিল সেগুলিকে উদ্ধার করে যথাযথ জায়গায় পাঠিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।
এদিন এও জানানো হয়, এই ঘটনার তদন্ত করতে গিয়ে জানা গিয়েছে ভারত থেকে প্রাচীন সামগ্রী পাচারের কাজে যুক্ত ছিলেন অভিযুক্ত সুভাষ কাপুর এবং দোষী সাব্যস্ত পাচারকারী ন্যান্সি উইনার। তাঁদের বিরুদ্ধে তদন্ত চলাকালীন এইসব সামগ্রী উদ্ধার করা হয়। এদিন ব্রাগ খোলাখুলি জানান, ভারতের বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যকে পাচার করার কাজ চলছে। এই পাচার চক্রের পরিধি বিরাট। পাচার হয়ে যাওয়া জিনিস দ্রুত ফিরিয়ে নিয়ে আসার জন্য উদ্যোগী হওয়া প্রয়োজন।
US restitutes 657 stolen antiquities to Indiahttps://t.co/qmUZagU6W9
via NaMo App pic.twitter.com/QMLqfuU0yB
— PMO India (@PMOIndia) April 30, 2026
কোন কোন দ্রব্য ভারতকে ফেরাচ্ছে আমেরিকা?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আমেরিকার তরফে ভারতকে যে 657টি পৌরাণিক নিদর্শন ফিরিয়ে দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে আভালোকিতেশ্বরের একটি ব্রোঞ্জ মূর্তি। যার দাম বর্তমানে 20 লাখ মার্কিন ডলার। যেই মূর্তিটি রাখা ছিল রায়পুরের মোহন্ত ঘাসিদাস মেমোরিয়াল মিউজিয়ামে। যা 1982 সাল নাগাদ আমেরিকায় পাচার হয়েছিল। এখানেই শেষ নয়, আমেরিকার তরফে ফেরত পাঠানো বস্তুগুলির তালিকায় রয়েছে লাল বেলে পাথরের একটি বুদ্ধ মূর্তি। যার দাম 7.5 মিলিয়ন ডলার।
অবশ্যই পড়ুন: “তৃণমূলই আবার মসনদে” মুখ্যমন্ত্রী হিসেবে ফের শপথ নেবেন মমতা! তারিখ জানালেন ফিরহাদ হাকিম
এগুলি ছাড়াও পাচারকারীদের কাছ থেকে পাওয়া গিয়েছে 2000 সালে চুরি যাওয়া নৃত্যরত গণেশের একটি বেলে পাথরের মূর্তিও। যা মধ্যপ্রদেশের মন্দিরে রাখা ছিল। ভারত থেকে চুরি যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পৌরাণিক নিদর্শন, কিছু দেব দেবীর মূর্তি সহ ফটকও ভারতে ফেরত পাঠাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুধু তাই নয়, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে চুরি যাওয়া নানান ঐতিহাসিক নিদর্শন ফিরিয়ে আনতে তদন্ত চালিয়ে যাচ্ছে তদন্তকারী সংস্থাগুলি।










