সহেলি মিত্র, কলকাতাঃ ভারতীয় রেলের (Indian Railways) আরও বড় চমক। এবার বন্দে ভারতের থেকেও বেশি দ্রুত গতির ট্রেনকে (Bullet Train) ছুটতে দেখবেন যাত্রীরা। ইতিমধ্যে সেই ট্রেনের এক ঝলক সামনে এসেছে যা দেখলে আপনারও চোখ কপালে উঠে যাবে। মনে হবে বিদেশের কোনও ট্রেন। এই ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৮০ কিমি বলে খবর। বেঙ্গালুরুতে একটি কারখানা স্থাপন করা হয়েছে, যেখানে সর্বোচ্চ ২৮০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম বি২৮ (B28) হাইস্পিড ট্রেনটি তৈরি করা হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতে, এই কারখানায় নির্মিত প্রথম প্রোটোটাইপ ট্রেনটি আগামী বছর চালু হবে।
B28 ট্রেনটি কী?
শনিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বেঙ্গালুরুর বিইএমএল প্ল্যান্টে ছিলেন। সেখানে বি২৮ (ভারত নির্মিত বুলেট ট্রেনসেট) তৈরির জন্য ‘আদিত্য’ কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। রেলমন্ত্রী গতকাল সেটারই উদ্বোধন করেন। রেল মন্ত্রকের মতে, এটি একটি বিশেষায়িত কমপ্লেক্স যেখানে হাইস্পিড ট্রেন বা ‘বি২৮ ট্রেন’ বিশেষভাবে তৈরি করা হবে। তাও আবার দেশীয় জিনিসপত্র ব্যবহার করে। এই কারখানায় যে বি২৮ ট্রেনসেট তৈরি হবে, তাকে ‘বন্দে ভারত বুলেট ট্রেন’ বলা হচ্ছে। এই নামকরণের কারণ হলো, এটি দেখতে বন্দে ভারত ট্রেনের মতো হলেও এর গতি হবে বুলেট ট্রেনের মতো। রেল মন্ত্রক এটিকে ‘আত্মনির্ভর ভারতের দেশীয় বুলেট ট্রেন’ হিসেবে আখ্যা দিয়েছে।
কী বললেন রেলমন্ত্রী?
এই উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রেলমন্ত্রী বলেন, “বি২৮ হলো বুলেট ট্রেনের একটি স্বনির্ভর সংস্করণ। ICF এবং BEML যৌথভাবে এর নকশা তৈরি করছে। এর উৎপাদন এখানেই, বিইএমএল-এ হবে। আদিত্য প্ল্যান্টটি বিশেষভাবে বুলেট ট্রেন তৈরির জন্য ডিজাইন করা হয়েছে। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে, তাই সর্বোচ্চ নির্ভুলতার সাথে কাজ করা সম্ভব। সেই অনুযায়ীই কাজ করা হবে।”
আরও পড়ুনঃ ‘গেট অফ প্যারাডাইস’, এই রেল রুটে মেঘের উপর দিয়ে যায় শিয়ালদা, কলকাতার ট্রেন!
লঞ্চ হবে আরও বন্দে ভারত
এদিন রেলমন্ত্রী আরও জানান, ‘একটি সুপারফাস্ট পরিষেবা শীঘ্রই বেঙ্গালুরু ভায়া হুব্বালি-ধারওয়াদ এবং বেঙ্গালুরু-মুম্বাই বন্দে ভারত স্লিপার চালু হবে। এর পাশাপাশি হাসসান এবং মেঙ্গালুরুর মধ্যে ১০০ শতাংশ বৈদ্যুতিকরণ হয়েছে। এর ফলে শীঘ্রই আমরা বেঙ্গালুরু, মেঙ্গালুরু এবং মাডগাঁওয়ের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু করতে পারব।’ রেলমন্ত্রীর আশ্বাস, সমস্ত উপকূলীয় কর্ণাটক খুব শীঘ্রই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের আওতায় চলে আসবে যা নিঃসন্দেহে রেল যাত্রীদের জন্য সুখবর।










