বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার থেকে অ্যালকোহল ঢাললেই চলবে গাড়ি? ভারতীয় জ্বালানি ব্যবস্থায় আসতে চলেছে নতুন কিছু (E85 Fuel)। বর্তমানে দেশে চালু রয়েছে E20 পেট্রোল। তবে এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই গোটা ভারতজুড়ে E85 পেট্রোল নিয়ে আসার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে পেট্রোলের ভাগ 15 শতাংশ হলেও ইথানল থাকবে 85 শতাংশ। দ্য হিন্দুর এক রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই এই মর্মে খসড়া আনতে পারে কেন্দ্র।
E85 নিয়ে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে পরীক্ষা
বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, দেশে E85 পেট্রোল চালু করার আগে প্রাথমিকভাবে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। শোনা যাচ্ছে, এই বিশেষ জ্বালানি গোটা দেশজুড়ে পুরোপুরি চালু হতে আরও কয়েকটা বছর অপেক্ষা করতে হবে। এর সবচেয়ে বড় কারণ বর্তমানে ভারতের বাজারে যেসব বাইক বা চারচাকাগুলি রয়েছে সেগুলির ইঞ্জিন এই জ্বালানির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এই জ্বালানি চালু করতে গেলে এর জন্য বিশেষ ধরনের ইঞ্জিন তৈরি করা প্রয়োজন।
জানা যাচ্ছে, 85 শতাংশ ইথানল এবং 15 শতাংশ পেট্রোলের সংমিশ্রণ E85 জ্বালানি নিয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় খসড়া বিজ্ঞপ্তি তৈরি হয়ে গিয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই তা জারি করতে পারে কেন্দ্রীয় সরকার। স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকতে পারে এই E85 এর সাথে অ্যালকোহলের সম্পর্ক কোথায়? বলে রাখি, ইথানল কিন্তু অ্যালকোহল নামেও পরিচিত। এটি একপ্রকারের জৈব যৌগ। যা বর্ণহীন, স্বল্প বিষাক্ত এবং বিশেষ গন্ধযুক্ত। মদ বা নেশাজাত পানীয়ের প্রধান সক্রিয় উপাদান এই ইথানল। এতে 99 শতাংশ বিশুদ্ধ অ্যালকোহল থাকে।
অবশ্যই পড়ুন: প্রকাশিত হল ট্রাইব্যুনাল নিষ্পত্তির প্রথম তালিকা, কতজন বিচারাধীন দিতে পারবেন ভোট?
E85 চালু হলে বাকি গাড়িগুলির কী হবে?
আগেই জানিয়ে দেওয়া হয়েছে E85 জ্বালানি সব ধরনের গাড়ির জন্য নয়। এর জন্য বিশেষ ইঞ্জিনযুক্ত গাড়ি তৈরি হবে আগামী দিনে। তারপরই সেই সব গাড়িতে ব্যবহার করা হবে এই বিশেষ জ্বালানি। সে ক্ষেত্রে প্রশ্ন থাকতেই পারে বর্তমান সময়ের যেসব গাড়ি রয়েছে সেগুলি কি তাহলে বন্ধ হয়ে যাবে? এক কথায় উত্তর, না। পহেলা এপ্রিল 2026 থেকে গোটা দেশজুড়ে E20 পেট্রোল বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে পরবর্তীতে E85 জ্বালানি চালু হলেও দেশের পেট্রোল পাম্প গুলিতে আলাদা আলাদা ভাবে E20 ও E85 জ্বালানি বিক্রির ব্যবস্থা থাকবে। বলে রাখি, E20 তে কিন্তু 27 শতাংশ পর্যন্ত ইথানল মেশানো থাকে।










