প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পোহালেই আগামীকাল রাজ্যে প্রথম দফায় ১৫২ টি কেন্দ্রে হতে চলেছে বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। তাই স্বাভাবিকভাবেই রাজনৈতিক হাওয়া বেশ গরম। এমতাবস্থায় ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি ভোটারদের তালিকা (Tribunal Supplementary List) প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission Of India)। জানা গিয়েছে সেই তথ্য কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে দেখা যাচ্ছে। তবে বিবেচনাধীন ভোটারদের মধ্যে মোট কত নাম উঠল এবং কত নাম বাদ গেল সেই সংক্রান্ত পূর্ণ তালিকা প্রকাশ করা হবে আজ বিকেলে। চাঞ্চল্যকর পরিস্থিতি রাজ্য জুড়ে।
প্রকাশিত হল ট্রাইব্যুনালের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, ট্রাইবুনালে যাঁদের ছাড়পত্র দেওয়া হবে, তাঁদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়া হবে। অর্থাৎ তাঁরা চলতি বছর ভোট প্রদান করতে পারবেন। যদিও সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল যে, ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যত জন বিবেচনাধীন ভোটারের তথ্য নিষ্পত্তি করবে, তাঁদের মধ্যে যাঁদের নাম বাদ পড়বে না, তাঁদের নাম প্রথম দফা ভোটের আগে জানাতে হবে। তাঁরা ভোটও দিতে পারবেন। এখন ট্রাইব্যুনালের নিষ্পত্তি করা ‘অ্যাডিশন’ এবং ‘ডিলিশন’ দু’টি তালিকাই প্রকাশ করা হয়েছে।
কমিশন সূত্রে খবর, ভোটারেরা তাঁদের এপিক নম্বর ব্যবহার করে সরাসরি জানতে পারবেন তাঁদের আবেদনের নিষ্পত্তি হয়েছে কি না। শেষ আপডেট অনুযায়ী, বিচারাধীনদের মধ্যে আগামীকাল ভোট দিতে পারবেন মোট ১৩৬ জন। আসলে মোট ১৩৮ জনের মামলার নিষ্পত্তি হয়েছে ট্রাইব্যুনালে, কিন্তু ১৩৮ জনের মধ্যে থেকে ২ জনের নাম বাদ গেছে শুনানির পর।
পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হবে আজ সন্ধ্যায়
‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নং ১’ – এ মোট কতজনের নাম উঠল এবং কতজনের নাম পুরোপুরি বাদ গেল, সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ পরিসংখ্যান আজ সন্ধ্যার মধ্যেই প্রকাশ করবে কমিশন। উল্লেখ্য, আগামীকাল, প্রথম দফায় যে ১৫২ টি কেন্দ্রে ভোট রয়েছে, সেখানে SIR শুরু হওয়ার আগে ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি ৯৮ লক্ষ ১৪ হাজার ৮০১। এবং বিবেচনাধীন ভোটারের সংখ্যা ছিল ৩৬ লক্ষ ৫৮ হাজার ৫১৭। নিষ্পত্তির পরে শেষ পাওয়া পরিসংখ্যান অনুসারে, ওই আসনগুলিতে ভোটারের সংখ্যা হল ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১। জানা গিয়েছে কম বেশি সকলেই ট্রাইব্যুনালের জন্য আবেদন জানিয়েছিল।
আরও পড়ুন: রেশন দুর্নীতি নয়, অন্য এক মামলায় ED-র তলব নুসরতকে
কমিশনের তরফে জানানো হয়েছে, আজ রাজনৈতিক দলগুলি সাপ্লিমেন্টারি তালিকা পেয়ে যাবে। তবে এইমুহুর্তে তালিকা প্রকাশের পর বহু মানুষ শেষ মুহূর্তে ভোটাধিকার ফিরে পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে। অন্যদিকে আবার ২৭ এপ্রিল ট্রাইব্যুনাল যাঁদের নামের নিষ্পত্তি করবে, তার মধ্যে যাঁদের নাম ভোটার তালিকায় থাকবে, তাঁরা ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন।










