প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের প্রাক্কালে ফের ED তলব করল বসিরহাটের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে (Nusrat Jahan)। তবে রেশনের গম পাচার মামলা নয়, অভিনেত্রীকে ফ্ল্যাট প্রতারণার সেই পুরনো মামলাতেই ডেকেছ ইডি (Enforcement Directorate)। জানা গিয়েছে, আজ, বুধবার তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এই নিয়ে এখনও অফিশিয়ালি কোনও বিবৃতি দেননি নুসরত জাহান। এমনকি মুখ খোলেনি শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।
নুসরতের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণা মামলা
রিপোর্ট মোতাবেক, ২০১৪-১৫ সালে ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের থেকে সাড়ে পাঁচ লক্ষ করে টাকা নিয়েছিল এক সংস্থা। এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু মানা হয়নি সেই প্রতিশ্রুতি। ফ্ল্যাট তো মেলেইনি উপরন্তু টাকাও ফেরত পাননি কেউই। সেই সময় সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। কারণ যে সংস্থা টাকা তুলেছিল তার ডিরেক্টর পদে ছিলেন নুসরত। এরপর অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালে ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরতকে জিজ্ঞাসাবাদ করেছিল ED। প্রায় ৬ ঘণ্টা ধরে চলেছিল জিজ্ঞাসাবাদ পর্ব।
দ্বিতীয় বার তলব নুসরতকে
২০২৩ সালে যখন ED নুসরতকে যখন তলব করা হয়েছিল, সেই সময় নুসরত মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে, তাঁর বিশ্বাস ইডি তাঁকে আর এই মামলায় ডেকে পাঠাবে না কারণ তিনি সম্পূর্ণ নির্দোষ। কিন্তু তাঁর ভবিষ্যৎবাণী মিলল না। ফের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে আজ পুনরায় এই একই মামলার জন্য ডেকে পাঠাল। অর্থাৎ দ্বিতীয় বার তলব করা হল নুসরতকে। জানা গিয়েছে, আজ বুধবার, দিল্লির সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন তিনি। যদিও প্রথমে তাঁকে কলকাতার দফতরে যেতে বলা হয়েছিল কিন্তু নুসরত সেখানে যেতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন কারণ তিনি এই মুহূর্তে কলকাতার বাইরে আছেন।
গম দুর্নীতি মামলাতেও ডাকা হয়েছিল
এর আগে রেশনের গম পাচার মামলায় বসিরহাটের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে সল্টলেকের নিজেদের দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থা। অভিযোগ উঠেছিল যে, তিনি সাংসদ থাকাকালীন করোনার সময় বাংলাদেশে গম পাচারের অভিযোগে বেশ কিছু ট্রাক আটক হয়েছিল সীমান্ত এলাকায়। তখন তদন্তে নেমে বেশ কিছু তথ্য পেয়েছিলেন গোয়েন্দারা। তাই অনেকেই ভেবেছিল এবারেও তাঁকে গম পাচার মামলায় ডাকা হয়েছে। কিন্তু পরে জানা যায়, রাজারহাটে ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরতকে দ্বিতীয়বার তলব করা হচ্ছে।
আরও পড়ুন: ভবিষ্যতের জন্য খাঁটি সোনা! রাধাকিষাণ দামানির মতো বিনিয়োগকারীরা বেছে নিয়েছেন এই ৮ স্টক
প্রসঙ্গত, আগামীকাল রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন, এই অবস্থায় শাসকদলের নেতা কর্মীদের ধরপাকড়ের আশঙ্কা করছে তৃণমূল নেতৃত্ব। তাই ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ সেই মামলার শুনানি হবে। পাশাপাশি প্রতিটি সভা থেকে ইডি, সিবিআই-সহ একাধিক কেন্দ্রীয় সংস্থাকে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে ভোটে ফায়দা তুলতে চাইছে বিজেপি। একজন দেখার এই মামলা কোনদিকে মোড় নেয়।










