সহেলি মিত্র, কলকাতাঃ রেশন ব্যবস্থায় (Rationing) বড় বদল আনল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রেশন ব্যবস্থা নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণবন্টন ব্যবস্থা (পিডিএস)-কে আরও উন্নত ও আধুনিক করার জন্য সরকার সার্থক-পিডিএস (SARTHAK-PDS) প্রকল্প চালু করার ঘোষণা দিয়েছে।
রেশন ব্যবস্থায় বড় বদল আনল সরকার
এক রিপোর্ট অনুযায়ী, এই প্রকল্পে প্রায় ২৫,৫৩০ কোটি টাকা ব্যয় করা হবে। এর ফলে সারা দেশের প্রায় ৮০ কোটি রেশন সুবিধাভোগী সরাসরি উপকৃত হবেন। পিডিএস প্রকল্পে মূলত ৩টি প্রধান পরিবর্তন আনা হবে। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে এই নতুন প্রকল্পের অধীনে রেশন ব্যবস্থায় তিনটি বড় পরিবর্তন আনা হবে। সরকার এখন থেকে শস্য সরবরাহের জন্য রাজ্য সরকারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করবে। সরকার জানিয়েছে, এই একীভূত প্রকল্প আগামী ৩১ মার্চ, ২০৩১ সাল অবধি কার্যকর থাকবে।
কী কী বদল আসবে?
১) বর্তমানে, এফসিআই গুদাম থেকে জেলা, ব্লক এবং রেশন দোকানে শস্য পরিবহনে রাজ্যগুলিকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। নতুন এই প্রকল্পের অধীনে, কেন্দ্রীয় সরকার এই খরচে ভর্তুকি দেবে।
২) সরকার রেশন ডিলারদের দীর্ঘদিনের একটি দাবি মেনে নিয়েছে। এখন রেশন দোকান মালিকদের কমিশন বাড়ানো হবে, যা তাদের আয় বাড়াবে।
৩) কেউ হয়তো স্বপ্নেও ভাবেননি রেশন ব্যবস্থায় কৃত্তিম বুদ্ধিমত্তারও ব্যবহার হবে। সরকার রেশন ব্যবস্থাকে ডিজিটাল ও স্বচ্ছ করতে নতুন প্রযুক্তি এবং এআই ব্যবহার করবে। সুবিধাভোগীদের রেজিস্ট্রেশন এখন থেকে একটি এআই-ভিত্তিক সিস্টেমের মাধ্যমে করা হবে, যা জালিয়াতি কমাবে এবং প্রক্রিয়াটিকে আরও দ্রুত করবে।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে কী কী তথ্য দিতে হবে? জেনে নিন ঝটপট
এক কথায় দক্ষ, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর গণবন্টন ব্যবস্থা শক্তিশালকরণে আরও জোর দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে দেশজুড়ে ক্রমবর্ধমান তাপপ্রবাহ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, জনগণকে ত্রাণ সরবরাহ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমস্ত মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে।










