সৌভিক মুখার্জী, কলকাতা: যে প্রতিশ্রুতি দিয়েছিল তা-ই রক্ষা করছে রাজ্য সরকার। বুধবার অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের অফিসিয়াল ফর্ম ছাড়া হয়েছে। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট (https://socialsecurity.wb.gov.in/) থেকে সেই ফর্ম ডাউনলোড করা যাচ্ছে। সময় মতো তা পূরণ করে জমা দিলেই প্রতি মাসে মহিলারা পাবে ৩০০০ টাকা। তবে ফর্মটি করা হয়েছে ১২ পাতার। এমনকি সেখানে একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছে। ঠিক কী কী তথ্য আপনাকে দিতে হবে আর কী কী প্রশ্নের উত্তর দিতে হবে তা বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
কী কী তথ্য দিতে হবে?
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ডাউনলোড করে অবশ্যই আপনার পরিবারের প্রধান বা কর্তার নাম, তাঁর জন্মতারিখ, আধার নম্বর, রেশন কার্ডের নম্বর, ঠিকানা, যোগাযোগ নম্বর ইত্যাদি ইনপুট করতে হবে। এরপর বাধ্যতামূলকভাবে পরিবারের সমস্ত সদস্যের নাম, পরিচয়, আধার নম্বর, ভোটার কার্ডের নম্বর, আবেদনকারীর সঙ্গে তাঁর কী সম্পর্ক ইত্যাদি তথ্য দিতে হবে।
এরপর সমস্ত সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর, আইএফএসসি কোড বসাতে হবে। আর তাদের এপিক নম্বর, বিধানসভার কেন্দ্র, ক্ষেত্র নম্বর, পার্ট নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে। পাশাপাশি প্রত্যেকের প্যান কার্ডের নম্বরও দিতে হবে। এরপর পরিবারের সদস্যদের যদি স্বাস্থ্যবীমা থাকে তাহলে সেই সংক্রান্ত সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। এছাড়া প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা কী তা উল্লেখ করতে হবে। পাশাপাশি কে কোন খাতে কাজ করেন বা চাকরি করেন, সেই তথ্য জানাতে হবে। আর পরিবারে কতজন শিশু রয়েছে তাদের তথ্য জানিয়ে তারা কোন স্কুলে পড়ে তাও ইনপুট করতে হবে।
যে যে প্রশ্নের উত্তর দিতে হবে
তবে সমস্ত তথ্য ইনপুট করার মধ্যেও কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। যেগুলি শুধুমাত্র টিকবক্সে ক্লিক করলেই হবে। প্রশ্নগুলির মধ্যে উল্লেখযোগ্য হল—
- আপনার ডিজিটাল রেশন কার্ড রয়েছে কিনা।
- রেশন কার্ড থাকলে আপনি প্রতিমাসে রেশন তুলছেন কিনা।
- আপনার বাড়িতে তিন বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা।
- পরিবারের নিজস্ব জমি রয়েছে কিনা।
- পরিবারের কোনও যানবাহন রয়েছে কিনা। সেক্ষেত্রে অবাণিজ্যিক মোটরচালিত চার চাকার গাড়ি আছে কিনা।
- আপনি আয়কর প্রদান করেন কিনা।
- পরিবারের কোনও সদস্য সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন কিংবা বর্তমান ধারক কিনা।
- পরিবারের কোনও সদস্য সরকারি পেনশনভোগী কিনা।
- পরিবারের কোনও সদস্য জিএসটির আওতায় নিবন্ধিত কিনা।
- সিএএ-তে আবেদন করেছেন কিনা।
- কিষান কার্ড, ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড ইত্যাদির মতো সুবিধা নেন কিনা।
- এসআইআর-এ নাম বাদ পড়ে থাকলে মামলা ট্রাইব্যুনালে রয়েছে কিনা।
- শিশুর টিকাকরণ হয়েছে কিনা।
- অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি-র মাধ্যমে পাচ্ছেন কিনা।
আরও পড়ুন: অন্নপূর্ণা ভান্ডারের কাজে না শিক্ষকদের! সরকারের কাছে চিঠি, তাহলে কীভাবে হবে ফর্ম পূরণ?
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম পূরণ করার সময় অবশ্যই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। নাহলে ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। সবথেকে বড় কথা, সমস্ত তথ্য সঠিকভাবে ইনপুট করতে হবে। তথ্যে কোনও গরমিল থাকলেই আবেদন বাতিল হয়ে যাবে। এমনটা জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।










