প্রীতি পোদ্দার, কলকাতা: নিট প্রশ্নফাঁস কাণ্ডের (NEET Protest) ঘটনায় ককরোচ জনতা পার্টির নেতৃত্বে হওয়া ছাত্র বিক্ষোভকে ঘিরে এখনও জট কাটেনি সোশ্যাল মিডিয়ায়। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে যেসকল আপত্তিকর পোস্ট আন্দোলনের সময় ছড়িয়েছিল, সেই নিয়ে তদন্ত শুরু করল দিল্লি পুলিশ (Delhi Police)। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে সকল বিদ্বেষমূলক ও মানহানিকর কনটেন্ট ছড়িয়ে পড়েছিল সেই পোস্টের অ্যাকাউন্টগুলি সম্পর্কে তথ্য চাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-কে দেওয়া হল চিঠি।
এক্স হ্যান্ডেলকে নোটিশ পাঠাল দিল্লি পুলিশ
সম্প্রতি নিট বিক্ষোভের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট এবং ভিডিয়ো নিয়ে বেশ কয়েকটি অভিযোগ উঠে এসেছে, দায়ের হয়েছে FIR। অভিযোগে বলা হয়েছিল যে, রাষ্ট্রপ্রধানকে নিশানা করে অসম্মানজনক এবং আপত্তিকর পোস্ট এবং ভিডিয়ো এখনও সমাজমাধ্যমে ঘুরছে। এগুলি দ্রুত সরানো প্রয়োজন। আর তাই সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফে এক্স প্ল্যাটফর্মটির কাছে সংশ্লিষ্ট পোস্ট বা ভিডিও দ্রুত সরিয়ে দেওয়ার নোটিশ পাঠানো হল। পাশাপাশি ওই কনটেন্ট যে অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে, সেই ব্যবহারকারীর নাম, ঠিকানা, যোগাযোগের তথ্য, ই-মেল আইডি এবং নির্দিষ্ট সময়ের লগইন-লগআউট রেকর্ড এর সম্পূর্ণ তথ্য এক্স এর কাছে চাইল পুলিশ।
Delhi Police has issued notices to several X (formerly Twitter) handles for using abusive language, including against Prime Minister Narendra Modi and security forces. The notices have been sent to individuals, including a woman who allegedly used highly derogatory language… pic.twitter.com/zt4nibPsX1
— IANS (@ians_india) July 29, 2026
নজর রাখছে সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম
এর আগে ২৭ জুলাই দিল্লি পুলিশ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও অশালীন মন্তব্য থাকা পোস্ট এবং ভিডিও সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল দিল্লি পুলিশ। অভিযোগ উঠেছিল যে CJP-র ছাত্র আন্দোলন এবং ২০ জুলাইয়ের ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে একাধিক এমন পোস্ট ছড়িয়ে পড়েছিল যে নিন্দনীয়। দিল্লি পুলিশ আগেই জানিয়েছিল যে, নিট বিক্ষোভের সময় ৪০০ সমাজমাধ্যম হ্যান্ডলকে তারা চিহ্নিত করেছে যেগুলি পাকিস্তানের। ওই হ্যান্ডলগুলি থেকে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছিল বলে দাবি করে পুলিশ। এইমুহুর্তে দিল্লি পুলিশের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম নিয়মিত অনলাইন প্ল্যাটফর্মগুলির উপর নজর রাখছে।
আরও পড়ুন: মমতার মনোনীত পদ ছাড়লেন রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা, জোর সমালোচনা রাজনৈতিক মহলে
প্রসঙ্গত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর নিট আন্দোলনে প্রতিবাদীদের গ্রেফতারের মামলা নিয়ে গর্জে উঠেছিল ককরোচ জনতা পার্টি। তাঁদের স্পষ্ট দাবি ছিল FIR প্রত্যাহার না করলে CJP পুনরায় আরও বড় কর্মসূচি ও ধর্না শুরু করবে। আর এই হুঁশিয়ারির পরই একের পর এক বিজেপি শাসিত রাজ্যে ধৃতদের মুক্তি দেওয়ার ঘোষণা করেছে, যার মধ্যে অন্যতম হল বিহার, অসম এবং পশ্চিমবঙ্গ।










