নিমেষে ছাই হবে শত্রুর রাডার, ট্র্যাকিং সিস্টেম! রুদ্রম 2 পরীক্ষায় সফল DRDO

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন করে শক্তি পেল ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা (Rudram)! মঙ্গলবার, ওড়িশার চাঁদীপুর উপকূলে আকাশ থেকে ভূমি রুদ্রম 2 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা DRDO। শব্দের চেয়ে দুই গুণ বেশি বা ম্যাক 2 ক্ষেপণাস্ত্রটিকে ভারতীয় বায়ু সেনার বিমান থেকে নিক্ষেপ করা হলে দেখা গেল, সেটি একেবারে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মারাত্মক ক্ষেপণাস্ত্রের সাফল্য ভারতের উপর অন্যান্য দেশগুলির ভরসা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলা যায়।

রূদ্রমের এই ক্ষেপণাস্ত্র নিমেষে পুড়িয়ে ছাই করে দেবে শত্রুর সব!

ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা জানিয়েছে, তারা যে নতুন আকাশ থেকে ভূমি রুদ্রম 2 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে সেটি একপ্রকার চোখের পলকে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে রাডার থেকে শুরু করে ট্রাকিং এমনকি যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম। সামরিক বিশেষজ্ঞদের দাবি, ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক যুদ্ধবিমান সুখোই-30 থেকে নিক্ষেপ করা যায় এই ক্ষেপণাস্ত্র।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় বায়ুসেনার হাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র এসে গেলে যুদ্ধের ময়দানে ভারতের সাথে লড়তে কাল ঘাম ছুটে যাবে শত্রুদের! সবচেয়ে বড় কথা, চোখের পলকে বেছে বেছে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করবে এই মিসাইল। বলে রাখা প্রয়োজন, ভারতের এই নতুন ক্ষেপণাস্ত্র অর্থাৎ রুদ্রম 2 প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO এর ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি, আইটিআর, হাই এনার্জি ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি এবং আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এর সহযোগী গবেষকদের উদ্যোগে তৈরি হয়েছে।

অবশ্যই পড়ুন: পাটনায় খান স্যারের কোচিং সেন্টারের সামনে এলোপাথাড়ি গুলি, গুরুতর জখম ১

বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রুদ্রম 2 ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল হওয়ার জন্য এই কাজে নিযুক্ত সমস্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মন্ত্রী লিখেছেন, “এই পরীক্ষাগুলি দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির ক্রমবর্ধমান উৎকর্ষের বিরাট প্রদর্শন। যা উন্নত অস্ত্র নির্মাণে এবং আত্মনির্ভরতা অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে।”