সহেলি মিত্র, কলকাতা: উৎসবের মরসুমে জোরদার ধাক্কা খেতে চলেছেন রেল যাত্রীরা। ভাড়া বাড়তে চলেছে ট্রেনের টিকিটের। হ্যাঁ সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। উৎসবের শুরু হওয়ার আগে অমৃত ভারত এক্সপ্রেসের (Amrit Bharat Express) ভাড়া বাড়তে চলেছে বলে খবর। রেলওয়ে বোর্ডের নির্দেশ অনুযায়ী, বিশেষ মেল-এক্সপ্রেস ট্রেনে দ্বিতীয় শ্রেণিতে ১০% এবং অন্যান্য শ্রেণিতে ৩০% অতিরিক্ত বিশেষ ভাড়া প্রযোজ্য হবে। একই নিয়ম বিশেষ অমৃত ভারত ট্রেনের ক্ষেত্রেও কার্যকর হবে।
ভাড়া বাড়ছে অমৃত ভারত এক্সপ্রেসের
সূত্রের খবর, বিশেষ ট্রেন হিসেবে চলাচলকারী অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনগুলিতে মেল-এক্সপ্রেস ভাড়া নেওয়া হবে, যেখানে দ্বিতীয় শ্রেণীর জন্য অতিরিক্ত ১০ টাকা এবং অন্যান্য শ্রেণীর জন্য ৩০ টাকা চার্জ করা হবে। অমৃত ভারত এক্সপ্রেসকে বর্তমানে অনেক পছন্দ করছেন মানুষ। এই ট্রেনে ভ্রমণ করতে খুব একটা বেশি খরচও হয় না। বন্দে ভারত এক্সপ্রেসের মতোই অমৃত ভারত এক্সপ্রেসও একটি পুশ-পুল ট্রেন। এর মানে হলো, ট্রেনটির দুই দিকেই ইঞ্জিন রয়েছে। এতে ইঞ্জিন বদলানোর প্রয়োজন হয় না। সামনের ইঞ্জিনটি শুধু ট্রেনটিকে টানেই না, পেছনের ইঞ্জিনটিও এটিকে ধাক্কা দেয়। এতে শুধু ট্রেনের গতিই বাড়ে না, বরং খুব অল্প সময়ে এর গতিও বৃদ্ধি পায়।
‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির অধীনে চেন্নাইয়ের ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরিতে (ICF) অমৃত ভারত ট্রেনগুলি তৈরি করা হয়েছে। এই ট্রেনটি সম্পূর্ণরূপে নন-এসি কোচে সজ্জিত, তাই এটি মধ্যম ও স্বল্প -আয়ের মানুষদের জন্য সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। ট্রেনটিতে নন-এসটি স্লিপার এবং সাধারণ শ্রেণীর কোচ থাকলেও, এটি আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত।
বাতিল বহু ট্রেন
এদিকে, দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের কারণে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিগামী একাধিক ট্রেনের পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে। কিছু ট্রেন বাতিল, কিছু ট্রেনের রুট পরিবর্তন এবং কিছু ট্রেন নিয়ন্ত্রিত বা দেরিতে চালানো হবে। এর মধ্যে ধানবাদ হয়ে চলা নিউ দিল্লি-হাওড়া ও শিয়ালদহ এবং গোমো হয়ে চলা ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসও রয়েছে।
আরও পড়ুনঃ মহিলাদের ফ্রি, বহরমপুর থেকে দিঘার SBSTC-র নয়া বাস, দেখুন সময়সূচি ও রুট
শনিবার চলাচলকারী ১২৩০১ হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসটি গাজিয়াবাদ ও সাহিবাবাদের মধ্যে ১০ মিনিটের বিরতি দিয়ে চলবে। ১২৩১৪ নয়াদিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসটি নয়াদিল্লি থেকে দিল্লি, দিল্লি শাহদারা ও সাহিবাবাদ হয়ে চলবে। ২০৮১৭ ভুবনেশ্বর-নয়াদিল্লি তেজস রাজধানী এক্সপ্রেসটি গাজিয়াবাদ ও সাহিবাবাদের মধ্যে ২০ মিনিটের বিরতি দিয়ে চলবে।










