বিক্রম ব্যানার্জী, কলকাতা: উচ্চশিক্ষা গ্রহণ করতে চলেছেন এমন হাজার হাজার ছাত্রীর জন্য বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের (Free Scooty)। উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মন্ত্রিসভায় 16টি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন পেয়েছে। যেগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল রানী লক্ষ্মীবাই স্কুটি প্রকল্প। এই বিশেষ প্রকল্পের অধীনে 2025-26 আর্থিক বছরের চূড়ান্ত বর্ষের সেরা ছাত্রীদের সম্পূর্ণ বিরামূল্যে পেট্রোল চালিত স্কুটি দিতে চলেছে যোগী সরকার। সঙ্গে মিলবে, হেলমেট এবং আলাদা পেট্রোলও।
বিনামূল্যে স্কুটি পাবেন হাজার হাজার ছাত্রী!
ইন্ডিয়া টিভির প্রতিবেদন অনুযায়ী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সিদ্ধান্তে 2025-26 আর্থিক বছরের চূড়ান্ত বর্ষের সবচেয়ে সেরা এবং মেধাবী 5 শতাংশ ছাত্রীকে রানী লক্ষ্মীবাই স্কুটি প্রকল্পের অধীনে সম্পূর্ণ বিনামূল্যে স্কুটি দেওয়া হবে। এক্ষেত্রে শর্ত হল, ছাত্রীদের পারিবারিক বার্ষিক আয় হতে হবে 12 লাখ টাকার মধ্যে। জানা যাচ্ছে, প্রাথমিকভাবে অন্তত 50 হাজার ছাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে স্কুটি দেবে উত্তর প্রদেশ সরকার।
এখানেই শেষ নয়, উত্তরপ্রদেশ সরকারের তরফে যেসব পড়ুয়ারা স্কুটি পাবেন সেইসব ছাত্রীকে একটি করে স্কুটার দেওয়ার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল এবং হেলমেটও বিনামূল্যে দেবে সরকার। একই সাথে গাড়ির রেজিস্ট্রেশন থেকে শুরু করে ইন্সুরেন্স সবকিছুর খরচই বহন করবে উত্তরপ্রদেশের ভারতীয় জনতা পার্টির সরকার। রিপোর্ট অনুযায়ী, 50 হাজার ছাত্রীকে বিনামূল্যের স্কুটি দিতে সে রাজ্যের সরকারের খরচ 400 কোটি টাকার কাছাকাছি।
অবশ্যই পড়ুন: “অভিষেকের বিরুদ্ধে কোনও প্রমাণ দিতে পারবে না” স্পষ্ট জানালেন মমতা
প্রসঙ্গত, বিশেষ প্রকল্পের অধীনে স্কুটি পাওয়ার ক্ষেত্রে যোগ্য ছাত্রীদের বাছাই করার সময় অগ্রাধিকার পাবেন প্রতিবন্ধী শিক্ষার্থী, শহীদ পরিবারের কন্যা এবং দরিদ্র পরিবারের ছাত্রীরা। এ প্রসঙ্গে, উত্তরপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায় বলেছেন, আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা অনগ্রসর শ্রেণীর ছাত্রী কিন্তু মেধাবী এমন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে যাতায়াতের সমস্যা বাধা হয়ে না দাঁড়ায় সেজন্যেই বিনামূল্যের স্কুটি বিতরণ করবে সরকার।










