ইচ্ছে মতো ভ্রমণের দিন শেষ, ভিসা ছাড়া আর ভারতীয়দের ঢুকতে দেবে না এই ৪ দেশ!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় পাসপোর্টধারীদের (Indian Passport) জন্য বেশ খানিকটা খারাপ খবর! ব্যাগ গুছিয়ে সোজা বিমানবন্দরে ছোটার দিন শেষ! ইচ্ছেমতো আন্তর্জাতিক ভ্রমণে যেন টান পড়ল। বদলে গেল একাধিক দেশের অন-অ্যারাইভাল ও ভিসা-মুক্ত ভ্রমণের নিয়ম। আর তাতেই বিপাকে পড়লেন ভারতীয় পর্যটকরা। এখন থেকে আর কোন কোন দেশে চাইলেই যাওয়া যাবে না? দেখে নিন তালিকা।

এই দেশগুলিতে ইচ্ছে মতোই যেতে পারবেন না ভারতীয়রা!

দুঃখের বিষয়, হেনলি পাসপোর্ট ইনডেক্সে দিন দিন নিচে নামছে ভারত। এর আগে গত ফেব্রুয়ারি মাসে হেনলি পাসপোর্ট ইনডেক্সে ভারতীয় পাসপোর্টের অবস্থান ছিল 75 নম্বরে। সেখান থেকে মাত্র কয়েক মাসে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় পাসপোর্টের অবস্থান 81। অর্থাৎ বিগত কয়েক মাসে ব্যাপক অধঃপতন হয়েছে দেশের পাসপোর্টের! এর ফলে ভিসা মুক্ত ভ্রমণের সুবিধাও কমেছে ভারতীয়দের জন্য।

এতদিন যেখানে ভারতীয় পর্যটকরা 57টি দেশে ভিসা মুক্ত ভ্রমণের সুবিধা পাচ্ছিলেন এবার সেই সংখ্যাটা কমে দাঁড়াল 55 তে। একই সাথে নিয়ম কঠিন হওয়ায় বেশ কিছু দেশে ভ্রমণ আর আগের মতো সহজ রইল না ভারতীয়দের জন্য। আর সেই তালিকায় প্রথমেই নাম আসে ইরানের। ভারতের বন্ধু দেশ হিসেবে পরিচয় দিলেও ইরান এবার ভারতীয়দের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে! এতদিন ভিসা ছাড়া ইরান ভ্রমণ সহজ হলেও 2025 সালের নভেম্বর মাস থেকেই সাধারণ পাসপোর্টধারীদের ভিসা ছাড়ের সুবিধা স্থগিত করে দিয়েছে তেহরান। ফলে ভিসা মুক্ত ভ্রমণ এখন আর সম্ভব নয়!

অবশ্যই পড়ুন: পারেনি কেউ, ভারতের প্রথম প্লেয়ার হিসেবে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন ১৮ বছরের অনাহত

তালিকায় রয়েছে লাতিনা আমেরিকার দেশ বলিভিয়াও। আগে এই দেশে পৌঁছে তবেই ভিসা নিতে হতো ভারতীয়দের। তবে এবার থেকে আর সেই নিয়ম প্রযোজ্য হবে না। বলিভিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ই ভিসা ব্যবস্থার মাধ্যমে অনলাইনে প্রয়োজনীয় নথি জমা দিয়েই দেশ ছাড়তে হবে। তালিকায় রয়েছে আটলান্টিকার ছোট্ট দ্বীপ কেপ ভার্দেও। এই দেশেও এখন ভিসা ছাড়া ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ। পাশাপাশি নিকারাগুয়াতে গত ফেব্রুয়ারি মাস থেকে ইমিগ্রেশন নিয়মে বদল এসেছে। এই দেশটি ভারতীয়দের যেহেতু কনসাল্টেড ভিসা’ বিভাগে জায়গা দিয়েছে ফলে দেশ ছাড়ার আগে সেই দেশটির অভিবাসন বিভাগের কাছ থেকে বিশেষ ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক।