সহেলি মিত্র, কলকাতাঃ এবার আপনার বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণ করবে রেল। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আপনারও যদি দীর্ঘদিন ধরে ভুটান যাওয়ার ইচ্ছা হয়ে থাকে কিন্তু খরচের কথা ভেবে বারবার পিছিয়ে গিয়ে থাকেন। তাহলে আর চিন্তা নেই। কারণ এবার ভারত থেকে ভুটান (India-Bhutan Train) অবধি সরাসরি একদম ঝাঁ চকচকে লাক্সারি ট্রেন চালাবে রেল। এই নিয়ে একটি প্ল্যান অবধি বলেছে IRCTC।
এবার ভারত থেকে ভুটান অবধি চলবে ট্রেন
রিপোর্ট অনুযায়ী, ভারতীয় রেল পর্যটকদের জন্য একটি বিশেষ ভারত গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেন চালুর ঘোষণা করেছে। ভুটানগামী এই ভারত গৌরব ট্রেনটি দিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে যাত্রীদের ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির মধ্যে দিয়ে সরাসরি ভুটান সীমান্তে নিয়ে যাবে। সূত্রের খবর, আইআরসিটিসি-র ভারত-ভুটান মিস্টিক মাউন্টেন ট্যুর ২০২৬ সালের ৫ই মে শুরু হবে। যাত্রা শেষে এটি আবার ১৮ই মে ভুটান থেকে দিল্লিতে ফিরে আসবে।
স্টপেজ কী কী হবে?
অবশ্য এই ভ্রমণ করতে হলে হাতে কিন্তু বেশ কয়েকটা দিন রাখতে হবে। কারণ দিল্লি থেকে ভুটান পর্যন্ত সম্পূর্ণ ট্রেন যাত্রাটি ১৩ রাত ও ১৪ দিনের হবে। যাত্রীরা ভারতের গুয়াহাটি ও শিলং-এর মতো প্রধান শহরগুলির পাশাপাশি ভুটানের পারো ও থিম্পুরও কাছ থেকে দেখার সুযোগ পাবেন। ট্রেনটি দিল্লি থেকে ছেড়ে গাজিয়াবাদ, আলিগড়, টুন্ডলা, কানপুর, লখনউ এবং বারাণসী থেকে যাত্রী তুলে গুয়াহাটিতে পৌঁছাবে। সেখান থেকে পর্যটকরা চেরাপুঞ্জি ও শিলং ঘুরে ভুটানে প্রবেশের প্রধান রেল স্টেশন হাসিমারায় পৌঁছাবেন।
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে দাম কমল সোনা, রুপোর! আজকের রেট
ট্রেনে আসনের কথা বললে, ভারত গৌরব বিলাসবহুল ট্রেনটিতে মোট ১৬২ জন যাত্রীর বসার ব্যবস্থা থাকবে। ট্রেনটিতে চারটি ভিন্ন কোচ বিভাগ থাকবে, সুপিরিয়র এসি ১, কুপে ও কেবিন, ডিলাক্স এসি ২ টায়ার এবং কমফোর্ট এসি ৩ টায়ার। আপনি আপনার বাজেট অনুযায়ী এই কামরা বা আসন বেছে নিতে সক্ষম হবেন। প্যাকেজের মধ্যে থাকবে ট্রেন ভ্রমণ, ট্রেনে ও ট্রেনের বাইরে নিরামিষ খাবার, হোটেলে থাকার সুবিধা, দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কোচ এবং ভ্রমণ বীমা। তবে, গাইডের খরচ এবং ব্যক্তিগত খরচ ভ্রমণকারীদের নিজেদেরই বহন করতে হবে।
খরচ কত?
এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ খরচ নিয়ে। ভাড়া কোচের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। এসি ৩ -এর জন্য জনপ্রতি খরচ পড়বে ১১৬,৫৪৫ টাকা, এসি ২ -এর জন্য ১৩৩,২১০ এবং সবচেয়ে প্রিমিয়াম এসি কেবিন/কুপের জন্য জনপ্রতি খরচ পড়বে প্রায় ১৪১,৫৪০ টাকা মতো। আগ্রহী ভ্রমণকারীরা আইআরসিটিসি-র অফিসিয়াল ওয়েবসাইট, www.irctctourism.com-এ গিয়ে অনলাইনে তাদের টিকিট বুক করতে পারেন। এছাড়াও দিল্লির নওরোজী নগরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অবস্থিত আইআরসিটিসি ট্যুরিস্ট ফ্যাসিলিটেশন সেন্টারে গিয়েও বুক করতে পারেন।










